বাবুডাইং আলোর পাঠশালায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালন
কিরাত, হামদ-নাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বুধবার বাবুডাইং আলোর পাঠশালায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে হামদ-নাত ও কিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় চারটি ক্যাটাগরিতে হামদ-নাত ও কিরাত প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুসলিমা খাতুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জৈটকাপাড়ার জামিয়া সালাফিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিরিনা খাতুন।
এরপর প্রতিযোগিতার ২০ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক নয়ন আহমেদ।
এসময় বক্তারা বলেন, হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বশেষ নবী ও রাসুল। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহিদের বাণি নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তিনি ছিলেন একজন আদর্শবান মানবিক মানুষ। যে বিধর্মী নারী তাঁর পথে কাটা বিছিয়ে তাকে কষ্ট দিয়েছেন, সেই নারী অসুস্থ হলে সেবা করে তাকে সুস্থ্য করেছেন তিনি। তিনি মানুষকে শান্তির পথে নিয়ে এসেছেন। আমরা তার আদর্শকে অনুসরণ করে শান্তি প্রতিষ্ঠায় কাজ করব।
শেষে সকলকে নিয়ে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন আব্দুল কুদ্দুস।