প্রাণিসম্পদ প্রতিষ্ঠানে সবুজায়ন, রাজশাহীতে বৃক্ষরোপণ শুরু

Greening in livestock establishments
আবুল কালাম আজাদ, রাজশাহী :- ২৮ আগস্ট ২০২৬ ০৭:৪৩ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ, রাজশাহী :- ২৮ আগস্ট ২০২৬ ০৭:৪৩ অপরাহ্ন
প্রাণিসম্পদ প্রতিষ্ঠানে সবুজায়ন, রাজশাহীতে বৃক্ষরোপণ শুরু
প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিষ্ঠানগুলোর আঙিনা সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিষ্ঠানগুলোর আঙিনা সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। জেলার বিভিন্ন প্রাণিসম্পদ দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খালি জায়গায় পর্যায়ক্রমে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।


‘বৃক্ষ রোপণে সাজাবো দেশ, সবার আগে বাংলাদেশ’—স্লোগানে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর তালাইমারী এলাকার মেট্রো প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। অনুষ্ঠানে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ পরিবেশ সুরক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। প্রাণিসম্পদ প্রতিষ্ঠানগুলোর আঙিনা ও খালি জায়গায় পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে নান্দনিক ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, জনগণের জন্য দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্ব দিতে হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতাউর রহমান।


কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানগুলোর পরিবেশ উন্নয়নের পাশাপাশি সবুজায়ন কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।