রাজশাহীতে হিজড়া জনগোষ্ঠীর আইন ও অধিকার নিয়ে কর্মশালা
হিজড়া জনগোষ্ঠীর আইনগত অধিকার, নাগরিক মর্যাদা ও বিভিন্ন আইনি বিষয়ে সচেতনতা বাড়াতে রাজশাহীতে আইন-আলাপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজশাহী মহানগরীর মাস্টার শেফ রেস্টুরেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বন্ধু সোস্যাল ওয়েলফেয়ারের সহযোগিতায়, দিনের আলো হিজড়া সংঘ, রাজশাহী কর্মশালাটির আয়োজন করে।
কর্মশালায় হিজড়া জনগোষ্ঠীর নাগরিক ও আইনগত অধিকার, আইনের সুরক্ষা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান সুযোগ, অধিকার লঙ্ঘিত হলে করণীয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার চাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি আইন ও রাষ্ট্রীয় সেবার সঙ্গে হিজড়া জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন শাহানাজ বৃষ্টি সাথী। উপস্থিত ছিলেন বিভাগীয় হিজড়া গুরু হীরা খান, দিনের আলো হিজড়া সংঘের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, সংগঠনটির কার্যকরী সদস্য পূর্ণিমা এবং নাগরিকতা প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর নাহিদা পারভিন।
হিজড়া জনগোষ্ঠীর অনেকেই নিজেদের আইনগত অধিকার ও সরকারি সেবা পাওয়ার পদ্ধতি সম্পর্কে পর্যাপ্তভাবে অবগত নন। ফলে বিভিন্ন ক্ষেত্রে তাঁরা বৈষম্য ও হয়রানির শিকার হন। অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আইনি সহায়তা পাওয়ার সুযোগ সহজ করা গেলে এসব সমস্যা মোকাবিলা করা সম্ভব। শুধু আইন ও নীতিমালা থাকলেই হবে না, এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সমাজের মূলধারায় হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে তাঁদের অধিকার বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন এবং এসব ক্ষেত্রে আইনগতভাবে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা করেন, আয়োজকেরা জানান, হিজড়া জনগোষ্ঠীর মধ্যে আইনগত অধিকার ও নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি এবং অধিকার প্রতিষ্ঠায় তাঁদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে।