ইউএনওর সিল-স্বাক্ষর জাল করে মসজিদের টাকা উত্তোলনের অভিযোগে গ্রেফতার এক
রাজশাহীর গোদাগাড়ীতে মসজিদের অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির অভিযোগে মুশফিকুর রহমান শাহিন সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর গ্রামের বাসিন্দা। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার ২সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, শাহিন সরকার দীর্ঘদিন ধরে চব্বিশনগর গ্রামের জামে মসজিদের ওয়াকফ স্টেটের মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সিল ও স্বাক্ষর জাল করেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ওই জাল সিল ও স্বাক্ষর ব্যবহার করে মসজিদের ব্যাংক হিসাব থেকে প্রায় ২ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন শাহিন সরকার।
বিষয়টি মসজিদ কমিটির নজরে এলে গোদাগাড়ী মডেল থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থের স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি আত্মসাৎ করা অর্থ উদ্ধার করে মসজিদের হিসাবে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান তারা
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ সুজন মিঞা বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ওয়াকফ সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ নিয়ে এমন অভিযোগের ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হতে পারে। এ কারণে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।