প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি

Movie 'Mirzapur: The Movie'
অনলাইন ডেস্ক ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৮ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৮ অপরাহ্ন
প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
--সংগৃহীত ছবি

প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির আয়ের মাইলফলক পার করেছে বহুল আলোচিত সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি’। মুক্তির প্রথম সাত দিনে বিশ্বজুড়ে পঙ্কজ ত্রিপাঠী ও আলী ফজল অভিনীত ছবিটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ২১২ কোটি ৪৪ লাখ রুপি। 


স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে শুধু ভারতেই সিনেমাটি নিট ১০ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। এর মাধ্যমে দেশটিতে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৭৬ কোটি ৯৪ লাখ রুপি। ভারতে নিট আয়ের দিক থেকেও ১৫০ কোটির মাইলফলকের দ্বারপ্রান্তে রয়েছে ছবিটি; এখন পর্যন্ত দেশটিতে মোট নিট আয় দাঁড়িয়েছে ১৪৮ কোটি ৪৫ লাখ রুপি।


প্রথম দিনে ২৫ কোটি ৭৫ লাখ রুপি আয় করে যাত্রা শুরু করেছিল সিনেমাটি। উইকেন্ডে দারুণ গতি পেয়ে তৃতীয় দিনে ছবিটির সর্বোচ্চ ৩৬ কোটি রুপি আয় হয়। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভালো সাড়া ফেলেছে সিনেমাটি। ওভারসিজ বা দেশের বাইরের বাজার থেকে এখন পর্যন্ত ছবিটির ঝুলিতে এসেছে ৩৫ কোটি ৫০ লাখ রুপি।


ওটিটির জনপ্রিয় ক্রাইম ফ্র্যাঞ্চাইজি ‘মির্জাপুর’ সিরিজের প্রিক্যুয়েল হিসেবে বড় পর্দায় এসেছে এই সিনেমা। গুরমিত সিং পরিচালিত ও পুনীত কৃষ্ণের লেখা গল্পটিতে মূল সিরিজের আগের প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে। এতে কালিন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী, গুড্ডু পণ্ডিত চরিত্রে আলী ফজল ও মুন্না ভাইয়া চরিত্রে অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রসিকা দুগল, শ্বেতা ত্রিপাঠী, জীতেন্দ্র কুমার ও রবি কিষাণ।