নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ

Allegations of construction of structures on government land in the market
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১০ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১০ অপরাহ্ন
নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ
নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের ঐতিহ্যবাহী বেলগাপুর হাটে সরকারি জায়গায় প্রশাসনের অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। হাটের ইজারাদারের মৌখিক  অনুমতি নিয়ে মো. কবির নামের এক ব্যক্তি এ স্থাপনা নির্মাণ করছেন বলে জানা গেছে। 


সরেজমিনে দেখা যায়, হাট চত্বরে পাকা রাস্তার পাশে একটি নিচু জায়গায় পিলার তুলে স্থাপনা নির্মাণের কাজ চলছে। নির্মাণ শ্রমিকরা পিলারের ঢালাই কাজ করছেন। সেখানে উপস্থিত ছিলেন মো. কবির।


 নির্মাণকাজের ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, পোল্ট্রি মুরগির দোকান করার জন্য  তিনি ঘর নির্মাণের জন্য পিলার তুলছেন। হাট কমিটি মৌখকভাবে তাঁকে এই ঘর নির্মাণের অনুমতি দিয়েছে। তবে সরকারি কোনো দপ্তর থেকে অনুমতি নেওয়া হয়নি বলেও তিনি স্বীকার করেন।


 এই হাটের ইজারাদার নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু। এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে  তিনি বলেন, মো. কবিরকে পিলার তুলতে তিনি অনুমতি দিয়েছেন। ওখানে কোনো দোকান হবে না। পিলার তুলে শুধু পাটাতন দিতে পারবে। প্রশাসনের অনুমতি ছাড়া এভাবে সরকারি জায়গা দখল হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ওগুলো দখলদারিত্ব কোনো বিষয় না। হাটের 'ডেভেলপ' করার জন্য লোক ডেকে ডেকে ওইভাবে করা হচ্ছে। 

সাক্ষাতে এসব বিষয় বোঝানো হবে বলে তিনি জানান। 

তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, সরকারি জায়গায় কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই দখলের উদ্দেশ্যে স্থাপনা নির্মাণের কাজ করা হচ্ছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মুর্শিদা খাতুন বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। বিষয়টি জানতে পারার সাথে সাথে উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সরেজমিন তদন্তের জন্য বলা হয়েছে। 

স্থাপনাটি সরকারি জায়গায় নির্মাণ করা হলে অবশ্যই বন্ধ করে দেয়া হবে। 

তিনি আরও বলেন, বিদ্যমান আইন অনুযায়ী হাটের  ইজারাদার দোকান নির্মাণের অনুমতি দিতে পারেন না। প্রশাসনের অনুমতি নিয়ে হাট চত্বরে আধাপাকা ঘর নির্মাণ করা যেতে পারে।