ডেঙ্গু প্রতিরোধ সচেতনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ
“ডেঙ্গু প্রতিরোধে সচেতন হন, সুস্থ থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের উদ্যোগে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু হয়েছে।
সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জহুরুল ইসলামসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উজ্জ্বল কুমার ঘোষ তার বক্তব্যে কলেজ ও অধ্যক্ষের উদ্যোগকে প্রশংসনীয় ও অনুকরণীয় উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের মতো জেলার অন্যান্য স্কুল-কলেজেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে।” কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে বিভিন্ন তথ্যবহুল বার্তা প্রচার করা হচ্ছে। তিন মাসব্যাপী এ অভিযানের মাধ্যমে কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।