আইফোনের অর্থ জানেন?
স্মার্টফোনের বাজারে ‘আইফোন’ নামটি এতটাই পরিচিত যে এর নামের প্রতিটি অক্ষর নিয়েই আলাদা করে ভাবেন খুব কম মানুষ। কিন্তু আইফোনের শুরুতে থাকা ছোট্ট ‘i’ আসলে কী বোঝায়? অনেকেই মনে করেন, এর অর্থ শুধু ‘Internet’। তবে বিষয়টি এতটা সরল নয়। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস বহু বছর আগেই এই একটি অক্ষরের সঙ্গে একাধিক ভাবনার কথা জানিয়েছিলেন।
আইফোনের নামের এই ‘i’ আসলে প্রথমে ব্যবহার করা হয়েছিল আইম্যাকের ক্ষেত্রে। ১৯৯৮ সালে আইম্যাক উন্মোচনের সময় স্টিভ জবস ব্যাখ্যা করেছিলেন, ‘i’ শুধু একটি শব্দের সংক্ষিপ্ত রূপ নয়; এর সঙ্গে যুক্ত রয়েছে পাঁচটি আলাদা অর্থ-Internet, Individual, Instruct, Inform এবং Inspire।
ইন্টারনেট (Internet)
‘i’-এর সবচেয়ে পরিচিত অর্থ হলো Internet। ১৯৯৮ সালে আইম্যাক বাজারে আসার সময় ইন্টারনেট ব্যবহার আজকের মতো সহজ ছিল না। অ্যাপল এমন একটি কম্পিউটার তৈরি করতে চেয়েছিল, যা ব্যবহারকারীদের সহজেই ইন্টারনেটের সঙ্গে যুক্ত করতে পারে। সেই ভাবনা থেকেই ‘i’ অক্ষরটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
ইন্ডিভিজ্যুয়াল (Individual)
দ্বিতীয় অর্থ Individual। অর্থাৎ ব্যক্তিগত বা ব্যক্তি-কেন্দ্রিক। অ্যাপলের ভাবনায় প্রযুক্তি শুধু একটি যন্ত্র নয়, বরং প্রত্যেক ব্যবহারকারীর নিজস্ব প্রয়োজন ও পছন্দের সঙ্গে মানানসই অভিজ্ঞতা তৈরি করবে। সেই ব্যক্তিগত ব্যবহারের ধারণাটিও ‘i’-এর সঙ্গে যুক্ত করা হয়েছিল।
ইনস্ট্রাক্ট (Instruct)
তৃতীয় অর্থ Instruct। এর মাধ্যমে শেখানো, নির্দেশ দেওয়া বা শিক্ষার বিষয়টি বোঝানো হয়। অ্যাপলের প্রযুক্তি যেন শুধু বিনোদন বা কাজের জন্য নয়, শেখার ক্ষেত্রেও ব্যবহার করা যায় এই ধারণার প্রতিফলন ছিল এই শব্দে।
ইনফর্ম (Inform)
‘i’-এর চতুর্থ অর্থ Inform। অর্থাৎ তথ্য দেওয়া বা জানানো। ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মানুষ যাতে দ্রুত তথ্য পেতে পারে এবং বিশ্বের নানা ঘটনার সঙ্গে আপডেট থাকতে পারে, সেই ভাবনাও এর মধ্যে রয়েছে।
ইন্সপায়ার (Inspire)
সবশেষে রয়েছে Inspire, অর্থাৎ অনুপ্রাণিত করা। অ্যাপলের পণ্য ও প্রযুক্তি মানুষের সৃজনশীলতা বাড়াবে এবং নতুন কিছু ভাবতে উৎসাহ দেবে এই দর্শনের সঙ্গে শব্দটি যুক্ত।
স্টিভ জবস নিজেই দিয়েছিলেন ব্যাখ্যা
১৯৯৮ সালে আইম্যাক উন্মোচনের একটি অনুষ্ঠানে স্টিভ জবস একটি স্লাইডের মাধ্যমে ‘i’-এর এই পাঁচটি অর্থ ব্যাখ্যা করেছিলেন। অর্থাৎ iPhone-এর ‘i’ কোনো নির্দিষ্ট একটি শব্দের ‘ফুল ফর্ম’ নয়। বরং এটি অ্যাপলের একটি নির্দিষ্ট ভাবনা ও ব্র্যান্ড দর্শনের অংশ।
সময় বদলের সঙ্গে অ্যাপলের নামকরণের ধরনও বদলেছে। নতুন অনেক পণ্যের ক্ষেত্রে সংস্থাটি ‘i’ প্রফিক্সের বদলে সরাসরি ‘Apple’ নাম ব্যবহার করছে। কিন্তু iPhone, iPad-এর মতো জনপ্রিয় পণ্যের ক্ষেত্রে ছোট্ট ‘i’ এখনো অ্যাপলের পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে।