জিমির স্বীকৃতির ম্যাচে জাপানের কাছে হারল বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শুরুটা হয়েছিল খুবই বাজে ভাবে। ভারতের কাছে ১৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ধাক্কা আজ অনেকটা সামলে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল জাপানের বিপক্ষে। ভারতের জলন্ধরে সেই ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হেরেছে।
জাপান-বাংলাদেশ ম্যাচটিতে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তৃতীয় কোয়ার্টার পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। শেষ কোয়ার্টারে জাপান এক গোল করে। বাংলাদেশ গোল করার জন্য মরিয়া হলেও শেষ পর্যন্ত সমতা আনতে পারেনি। ফলে ১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আরো তিন ম্যাচ খেলবে। পাঁচ ম্যাচের পর শীর্ষ চার সেমিফাইনাল আর শেষ দুই দল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। পাকিস্তান ভারতে খেলতে আগ্রহী না হওয়ায় বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে।
আজকের ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য ভিন্ন রকম। আন্তর্জাতিক হকি ফেডারেশনের হিসাব অনুযায়ী বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রাসেল মাহমুদ জিমির আজ ১৫০ তম ম্যাচ ছিল। এজন্য টুর্নামেন্টের আয়োজক কমিটি জিমিকে স্মারক উপহার দিয়ে বিশেষ সম্মাননা জানায়। যদিও জিমি এবং বাংলাদেশ হকি ফেডারেশনের হিসাবে জিমির আন্তর্জাতিক ম্যাচ সংখ্যা দুই শতাধিক। জিমি বাংলাদেশের হকির অন্যতম কিংবদন্তী। শুধু সংখ্যা নয়, বাংলাদেশের হকিতে তার পারফরম্যান্স ও নিবেদন অনন্য পর্যায়ে। তবে ডিসিপ্লিনারি ইস্যুতে অনেক নেতিবাচক শিরোনামও হয়েছেন।