ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস

New Zealand passes law for free trade agreement with India
অনলাইন ডেস্ক ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৯ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৯ অপরাহ্ন
ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস
--সংগৃহীত ছবি

ভারতের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের জন্য একটি আইন পাস করেছে নিউজিল্যান্ডের সরকার। গত কাল মঙ্গলবার আইনটি পাস হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

নতুন এ আইনের আওতায় ভারতে রপ্তানি হওয়া নিউজিল্যান্ডের পণ্যগুলোর ওপর থেকে প্রায় ৯৫ শতাংশ শুল্প প্রত্যাহার করবে নয়াদিল্লি। তার পরিবর্তে নিউজিল্যান্ডের বাজারে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে ভারতীয় পণ্য। পাশাপাশি আগামী ১৫ বছরে ভারতের বাণিজ্যখাতে ২ হাজার কোটি ডলার বিনিয়োগও করবে ওয়েলিংটন।

গত ২৭ এপ্রিল নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর করে ভারত ও নিউজিল্যান্ড। সেই চুক্তিটি বাস্তবায়নের জন্যই আইনটি বিল আকারে এমপিদের ভোটের জন্য উত্থাপন করা হয়েছিল নিউজিল্যান্ডের পার্লামেন্টে।

উত্থাপনের পর পার্লামেন্টের ৯৩ জন সদস্য বিলটির পক্ষে ভোট দিয়েছেন এবং বিপক্ষে ভোট দিয়েছেন ২৯ জন। বিরোধী দল লেবার পার্টির অনেক এমপিও বিলের পক্ষে ভোট দিয়েছেন।

নিউজিল্যান্ডের রাষ্ট্রপ্রধান ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। তবে রাজার অনুপস্থিতিতে তার প্রতিনিধিত্ব ও সাংবিধানিক দায়িত্ব পালন করেন একজন গভর্নর জেনারেল। পাস হওয়া বিলটি এবার গভর্নর জেনারেল বরাবর পাঠানো হবে এবং তার স্বাক্ষরের পর আইনে পরিণত হবে বিলটি।


বুধবার বিল পাসের পর নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে সাংবাদিকদের বলেন, “আইনটি কার্যকর হলে রপ্তানিকারীরা তাৎক্ষণিকভাবে এর সুফল ভোগ করবেন এবং আমরা আশা করছি চমৎকার এই বাণিজ্য চুক্তিটি এ বছরই কার্যকর হবে।”


সূত্র : এএফপি