রাজশাহীর সবুজের গৌরব ও ধরে রাখাতে বৃক্ষরোপণে গুরুত্বারোপ ভূমিমন্ত্রীর
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং রাজশাহীর ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’র গৌরব ধরে রাখতে নিয়মিত বৃক্ষরোপণ ও নগর সবুজায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কার্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীকে সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে গত দুই থেকে তিন দশক ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ অর্জন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্ব নয়; এর পেছনে রাজশাহী মহানগর ও জেলার সর্বস্তরের মানুষের অবদান রয়েছে। এই গৌরব ভবিষ্যতেও ধরে রাখতে হবে।
তিনি বলেন, তাঁর মেয়র থাকাকালে রাজশাহী মহানগরী বিভিন্ন সময়ে জাতীয়ভাবে ১৪ বার প্রথম স্থান অর্জন করেছে। এর ধারাবাহিকতায় রাজশাহী দেশে ও বিদেশে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’ হিসেবে পরিচিতি পেয়েছে।
মিজানুর রহমান মিনু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন ছাড়ে। তাই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ করা প্রত্যেকের দায়িত্ব।
নগরীর সবুজায়নে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান, আরএমপি এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)-এর সহযোগিতায় আরএমপি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও রাজশাহীর সাংবাদিকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।