গাজী নজরুলের বাসায় পাওয়া ‘মরিয়মের চিঠি’তে যা লেখা

What is written in the 'Mariam's letter' found at Gazi Nazrul's house
অনলাইন ডেস্ক ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:১২ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:১২ অপরাহ্ন
গাজী নজরুলের বাসায় পাওয়া ‘মরিয়মের চিঠি’তে যা লেখা
--সংগৃহীত ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া হাতে লেখা কয়েকটি চিঠি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। জাতীয় সংসদের অফিশিয়াল প্যাড ও সাদা কাগজে লাল-কালো কালিতে লেখা এসব চিঠিতে উঠে এসেছে সম্পর্কের টানাপড়েন, গভীর ভালোবাসা, বিশ্বাসভঙ্গ এবং তীব্র মানসিক যন্ত্রণার কথা। ধারণা করা হচ্ছে, চিঠিগুলো মরিয়ম খাতুন নামের এক নারীর লেখা। যদিও চিঠিগুলো তাঁরই স্বহস্তে লেখা কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া চিঠিগুলোতে নিজেকে ‘দাবার গুটি’ হিসেবে উল্লেখ করে প্রতারিত হওয়ার তীব্র আক্ষেপ প্রকাশ করা হয়েছে। একটি পাতায় লেখা হয়েছে, ‘সে বলেছিল, আজ থেকে আমরা বন্ধু...চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানত-আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।’

জাতীয় সংসদের প্যাডে কালো কালিতে লেখা আরেক জায়গায় ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতা নিয়ে লেখা হয়েছে, ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, কিন্তু জিততে পারিনি হেরে গেলাম ময়দানে। জিতবই বা কেমনে, যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।’

প্রেমের এই জটিল সম্পর্কের পাশাপাশি চিঠিতে নিজের অবস্থান ও আত্মসম্মান রক্ষার কথাও জোরালোভাবে তুলে ধরেছেন ওই নারী। অন্য এক নারীর স্বামীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আক্ষেপ প্রকাশ করে সাধারণ একটি কাগজে লেখা হয়েছে, ‘সে ছিল অন্য নারীর স্বামী। কাগজে-কলমে অধিকার ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা...!!! অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ...!!! কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের কারণ... ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়... ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ!’

লাল কালিতে লেখা একটি সংক্ষিপ্ত বার্তায় তিনি আত্মসম্মানের কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, ‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই… তা না হলে যতটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই...!’

শুধু আক্ষেপ বা কষ্টই নয়, একটি লেখায় ভবিষ্যৎ পরিণতি নিয়ে কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে। সেখানে লেখা, ‘আমি হেরেছি...তুমি জিতেছো...কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো। আমি, শৃঙ্গের শেষ বাড়িয়ে ও হাসতে হাসতে মুখে হাসি রেখেছি...দেখে নাও এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।’

প্রেম ও প্রতারণার এসব আবেগঘন বার্তার পাশাপাশি চিঠিগুলোর সঙ্গে ‘১২-০৭-২০২৬’ তারিখ সংবলিত একটি ভিন্নধর্মী পাতাও পাওয়া গেছে। ওই পাতায় ঘুমানোর আগে পালনীয় কয়েকটি ধর্মীয় আমলের তালিকা লেখা রয়েছে। যার মধ্যে কালেমা, দুরুদ শরিফ, আয়তুল কুরসি, ইস্তিগফার এবং বিশেষ দোয়ার কথা উল্লেখ রয়েছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া এসব চিঠি সম্পর্কের এক রহস্যময় ও যন্ত্রণাদায়ক পরিণতিকেই সামনে এনেছে।