রামেকে ডেঙ্গুর দাপটঃ ২৪ ঘণ্টায় ভর্তি ২৫, এক মাসে মৃত্যু ১৩

Dengue infected
আবুল কালাম আজাদ, রাজশাহী : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৭ অপরাহ্ন স্বাস্থ্য
আবুল কালাম আজাদ, রাজশাহী : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৭ অপরাহ্ন
রামেকে ডেঙ্গুর দাপটঃ ২৪ ঘণ্টায় ভর্তি ২৫, এক মাসে মৃত্যু ১৩
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ অব্যাহত রয়েছে। --সংগৃহীত ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৪০ জন বাড়ি ফিরেছেন।


 এর মধ্যেই ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মোছা. নাসরিন (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৬ জন।


হাসপাতাল সূত্রে জানা যায়, মহানগরীর সুলতানাবাদ এলাকার বাসিন্দা নাসরিন গত ২০ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে রামেক হাসপাতালে ভর্তি হন। প্রথমে ৪৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।


সাম্প্রতিক সময়ে যেভাবে বাড়ছে মৃত্যু:-

রামেক হাসপাতালের তথ্য ও প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘন ঘন ঘটছে। ৯ সেপ্টেম্বর ইমরুল কায়েস হৃদয় (২৬) মারা যান। এরপর ১৪ সেপ্টেম্বর হৃদয় (২৪), ১৫ সেপ্টেম্বর আশা খাতুন (৩৫), ১৯ সেপ্টেম্বর মো. আনোয়ার মণ্ডল (৫২), ২০ সেপ্টেম্বর সাথী রাণী (১৬) এবং ২২ সেপ্টেম্বর আব্দুল করিম (৪৫) মারা যান।

এর মধ্যে ১৯ সেপ্টেম্বর আনোয়ার মণ্ডল ও ২০ সেপ্টেম্বর সাথী রাণীর মৃত্যু ডেঙ্গু শক সিন্ড্রোমের সঙ্গে সম্পর্কিত বলে হাসপাতালের তথ্যে উল্লেখ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর মারা যাওয়া চাঁপাইনবাবগঞ্জের কৃষক আব্দুল করিমের ক্ষেত্রে হাসপাতালের তথ্যে ডেঙ্গু মায়োকার্ডাইটিস থেকে সৃষ্ট হৃদ্‌যন্ত্রজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়।


এক মাসে রোগীর চাপও বেড়েছে:-

সেপ্টেম্বরের শুরু থেকেই রামেকে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ৭ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নয় দিনে ১৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হন এবং এ সময়ে চারজনের মৃত্যু হয় বলে হাসপাতালের তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপর ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র পাঁচ দিনে আরও ১৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এ সময়ে তিনজনের মৃত্যু হয় এবং ১০৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১০৬ জন।


সর্বশেষ ২৫ সেপ্টেম্বরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ২৫ জন নতুন রোগী ভর্তি এবং ৪০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়ায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৬ জন।


হাসপাতাল কর্তৃপক্ষ:- 

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, ৪০ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলতি মৌসুমে রামেক হাসপাতালে ডেঙ্গুতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।