রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, নিহত ১

Conflict over past enmity
ছোটন সরদার ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন
রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, নিহত ১

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা বাকির মোড় এলাকায় পারস্পরিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় মো. বারিউল (৪০) নামের এক দোকানদার নিহত হয়েছেন। এ ঘটনায় মো. রাসেল (৩০) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে আটটার দিকে ডিঙ্গাডোবা বাকির মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাসেল গুরুতর আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

এরপর রোববার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে একটার দিকে ডিঙ্গাডোবা রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে ফিরোজের মুদিখানা দোকানের সামনে বাকির মোড় এলাকায় বারিউলকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত ১টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত বারিউল রাজপাড়া থানার বাকির মোড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম বদরুল ইসলাম। আহত রাসেল রাজপাড়া থানার চণ্ডীপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জাকির হোসেন।

এ ঘটনায় রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহত বারিউলের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।