চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১,৬৬৫, হাসপাতালে ভর্তি ১
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ অনেকটাই কমে এসেছে। চলতি বছরে সন্দেহজনক রোগীর সংখ্যা ১ হাজার ৬৬৫ জন হলেও বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন মাত্র একজন।
রোববার (২৭ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হামের সন্দেহজনক ১ হাজার ৬৬৫ জন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে দুজন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে তিনজনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে কোনো রোগীকে অন্য হাসপাতালে রেফার করা হয়নি।
জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটে বর্তমানে হামের সন্দেহজনক কোনো রোগী ভর্তি নেই। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন একজন। ফলে জেলার সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে চিকিৎসাধীন সন্দেহজনক রোগীর সংখ্যা একজনে নেমে এসেছে।
২১৪ নমুনা পরীক্ষা, পজিটিভ ৪৩:-
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হামের সন্দেহজনক রোগীদের মধ্যে এ পর্যন্ত ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩ জনের নমুনা পজিটিভ এসেছে। এ পর্যন্ত জেলায় হামের সন্দেহজনক মৃত্যুর সংখ্যা সাতজন।
স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমে আসায় বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে। তবে নতুন করে রোগী শনাক্ত হওয়ার সম্ভাবনা থাকায় নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, বর্তমানে জেলার হাসপাতালগুলোতে হামের সন্দেহজনক রোগীর চাপ অনেকটাই কমে এসেছে। নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্দেহজনক রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনার পাশাপাশি নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রমও অব্যাহত রয়েছে।