কাকনহাটে আদিবাসী যুব সমাজের উদ্যোগে কারাতে প্রশিক্ষণ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে আত্মরক্ষা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে কারাতে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী যুব সমাজ (Indigenous Youth Society—IYS) মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর এ কর্মসূচির আয়োজন করে।
আদিবাসী যুব সমাজের সভাপতি ডেভিড সরেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সম্মানিত অতিথি সুরশুনিপাড়া ক্রেডিট সমিতির সভাপতি অধ্যাপক রাজেন হেম্ব্রম, মানবাধিকার সংস্থা রাজশাহীর উপদেষ্টা অ্যাডওয়ার্ড মার্ডী, জাতীয় আদিবাসী পরিষদের আইন উপদেষ্টা পাউলুস সরেন, আদিবাসী যুব সমাজের উপদেষ্টা মাইকেল সরেন এবং রাজশাহী কারাতে একাডেমির সেন্সি প্রশান্ত বিশ্বাসসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে ফিতা কেটে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় এবং অতিথিরা আসন গ্রহণ করেন এবং তাঁদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।এই প্রশিক্ষণ কর্মসূচীতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি, স্থানীয় বাসিন্দা এবং রাজশাহী কারাতে একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আত্মরক্ষার দক্ষতা অর্জনের পাশাপাশি কারাতে তরুণদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুব সমাজকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রেও এ ধরনের প্রশিক্ষণ কার্যকর।অনুষ্ঠানে রাজশাহী কারাতে একাডেমির প্রশিক্ষণার্থীরা বিভিন্ন কারাতে কৌশল ও আত্মরক্ষার দক্ষতা প্রদর্শন করেন। তাঁদের প্রদর্শনী উপস্থিত দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে। পরে একাডেমির প্রশিক্ষণার্থীদের প্রতি সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে আদিবাসী যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও সম্মাননা দেওয়া হয়।আয়োজকেরা জানান, যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।