বাড়িজুড়ে পেঁয়াজের পোড়া গন্ধ, অগ্নিকাণ্ডে কৃষকের সব শেষ
রাজশাহীর বাগমারায় আগুনে এক কৃষকের বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার ঝিকড়া ইউনিয়নের রাজারামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ১০ থেকে ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটায় রাজারামপুর গ্রামের কৃষক শাহাদুল হোসেনের বাড়িতে আগুন লাগে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন প্রথম দেখা যায় ঘরের চালে। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা চালান; কিন্তু কিছুতেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না।
পরে খবর দেওয়া হয় বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাড়িতে থাকা ৪৫ মণ পেঁয়াজ, ঘরের যাবতীয় আসবাব ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া একটি গরুর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
সরেজমিনে দেখা যায়, তিন কক্ষের ঘরের সবকিছু পুড়ে গেছে। ঘরের চালা থেকে পেঁয়াজের পোড়া গন্ধ ছড়িয়ে পড়ছে। আগুনে ঝলসে যাওয়া গরুটির চিকিৎসা ও সেবা চলছে। কৃষক শাহাদুল কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার আর কিচ্ছু রইল না, বউ-বাচ্চা নিয়ে এখন কোথায় যাব!’
প্রতিবেশী ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান জানান, শাহাদুল একজন দরিদ্র কৃষক। আগুন তাঁকে একবারে নিঃস্ব করে দিল। প্রশাসনের উচিত তাঁর পাশে দাঁড়ানো।
বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করছেন স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।