ডেঙ্গু প্রতিরোধে পবা উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

Prevention of dengue
স্টাফ রিপোর্টার: ০৩ অক্টোবর ২০২৬ ০৩:০৩ অপরাহ্ন সারা বাংলা
স্টাফ রিপোর্টার: ০৩ অক্টোবর ২০২৬ ০৩:০৩ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে পবা উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
ছবি - বিজয় বাংলা

ডেঙ্গু প্রতিরোধে পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সারাদেশে গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন মাসব্যাপী প্রতি শনিবারের স্বেচ্ছাশ্রমভিত্তিক পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পবা উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (৩ অক্টোবর) সকালে এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী এবং এলজিইডি প্রকল্পের আওতাধীন পরিচ্ছন্নতাকর্মীরা ঝাড়ু, কোদালসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে অভিযানে অংশ নেন। এ সময় উপজেলা পরিষদ চত্বরসহ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ, শিক্ষা অফিস কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণের রাস্তা, ড্রেন পরিষ্কার, ঝোপঝাড় পরিষ্কার ও ময়লা-আবর্জনা অপসারণ এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণসহ এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


 উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গুর বিস্তার রোধে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ছাড়াও উপজেলার বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের এলাকায় পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন বলেন, “উপজেলা পরিষদসহ উপজেলার বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রতি শনিবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠকসহ বিভিন্ন প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে তিনি সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, ড্রেন ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকলে তা অপসারণের আহ্বান জানান।”

পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম.এম.এন জহুরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপ-প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা, একাউন্টেন্ট ক্লার্ক মো. সাদ্দাম হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন দেওয়ানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।