রাজশাহীতে একই দিনে দুই হত্যা ॥ চন্দ্রিমাতে যুবক, বোয়ালিয়ায় নারী খুন-আটক ৩

Woman murdered in Boalia, 3 arrested
আবুল কালাম আজাদ , রাজশাহী:- ১২ অক্টোবর ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ , রাজশাহী:- ১২ অক্টোবর ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন
রাজশাহীতে একই দিনে দুই হত্যা ॥ চন্দ্রিমাতে যুবক, বোয়ালিয়ায় নারী খুন-আটক ৩
প্রতিকী ছবি

রাজশাহী মহানগরীতে একই দিনে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) বিকালের পর থেকে সন্ধ্যার মধ্যে সংঘটিত এসব নৃশংস ঘটনায় গোটা শহরে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পৃথক এসব ঘটনায় একজন যুবক ও এক প্রবীণ নারী নিহত হয়েছেন। এছাড়া জমি নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন আরও একজন।

​মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া খুনের এই ঘটনায় রাজশাহী জুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

​চন্দ্রিমা: জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হাতে জিয়ারুল নিহত:-

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন কমলাপুর ললিতাহার এলাকায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে জিয়ারুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর চাচাতো ভাইদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

​রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কমলাপুর ললিতাহার এলাকায় মিন্টুর বাড়ির সামনের সড়কে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম মৃত উজ্জ্বল মণ্ডলের ছেলে।

​প্রাথমিক তথ্যে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে চাচাতো ভাইদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি ও সংঘর্ষ বাধে। এর একপর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে জিয়ারুল ছাড়াও আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রিমা থানার সেকেন্ড অফিসার মো. আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণ, প্রকৃত কারণ উদঘাটন এবং আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

​বোয়ালিয়া: ‘বেলি ভিলা’ থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ৩:-

এদিকে একই দিন সন্ধ্যার পর নগরীর কেদুর মোড় বৌ বাজার এলাকায় ‘বেলি ভিলা’ নামের একটি বাড়ি থেকে খালেদা খানম বেলি (৭০) নামের এক প্রবীণ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

​সন্ধের পর ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বসতঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য তা রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত খালেদা খানম ওই বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর চার ছেলের মধ্যে তিনজন প্রবাসে এবং একজন ঢাকায় থাকেন। একা থাকার সুযোগ নিয়ে কোনো দুষ্কৃতকারী চক্র পূর্বপরিকল্পিতভাবে এই ঠাণ্ডা মাথার খুন ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

​অপরাধ পরিস্থিতি ও নাগরিকদের উদ্বেগ:-

​একই দিনে জোড়া খুনের ঘটনায় রাজশাহী মহানগরীর সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচেতন মহলে গভীর উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিশেষ করে একা বসবাসকারী প্রবীণ নাগরিকদের নিরাপত্তা এবং বিগত মাসগুলোর অপরাধ পরিসংখ্যান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

​স্থানীয় এলাকাবাসী ও নাগরিক সমাজের দাবি, অপরাধের লাগাম টানতে পুলিশি টহল আরও জোরদার করার পাশাপাশি দ্রুততম সময়ে প্রতিটি হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।