ম্যাচ চলার সময় ফোনে হাত না দিলেই পুরস্কার

Reward for not touching your phone during a match
অনলাইন ডেস্ক ২৩ অক্টোবর ২০২৬ ০৬:৩৮ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ২৩ অক্টোবর ২০২৬ ০৬:৩৮ অপরাহ্ন
ম্যাচ চলার সময় ফোনে হাত না দিলেই পুরস্কার
--সংগৃহীত ছবি

জার্মান হেভিওয়েট বরুসিয়া ডর্টমুন্ড তাদের প্রধান স্পন্সর ভোডাফোনের সঙ্গে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। সিগনাল ইদুনা পার্কে ম্যাচ দেখতে আসা দর্শকদের পুরোটা সময় তাদের মোবাইল ফোন পকেটে রাখতে উৎসাহিত করা হবে। বল যতক্ষণ মাঠে থাকবে ততক্ষণ যারা তাদের ফোনের স্ক্রিন দেখা থেকে বিরত থাকবেন, তারা পয়েন্ট সংগ্রহের ভিত্তিতে বিশেষ বিভিবি পুরস্কার পাবেন।


ঘরের মাঠে খেলা চলাকালে গ্যালারিতে মোবাইল ফোনের মাধ্যমে মনোযোগে ব্যঘাত সৃষ্টি ঠেকাতে বুন্দেসলিগা ক্লাব তাদের অফিসিয়াল বিভিবি অ্যাপে স্বেচ্ছামূলক ‘ফ্যান মুড’ টুল চালু করেছে। আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসে এই টুল পাওয়া যাবে, যেখানে দর্শকরা লোকেশন সার্ভিস অন করে তাদের স্টেডিয়ামে উপস্থিতি নিশ্চিত করবেন এবং এই ফিচারটি এয়ারপ্লেন মুডে কাজ করবে। অ্যাপটি অ্যাক্টিভেটেড ও লকড হওয়ার পরে ম্যাচ চলাকালে হ্যান্ডসেটগুলো যতক্ষণ হাতের সংস্পর্শে না আসবে ততক্ষণ প্রতি মিনিটে অ্যাওয়ার্ড পয়েন্টস যুক্ত হতে থাকবে। 

  

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। নিয়মিত ম্যাচ দেখতে যাওয়া এক হাজার দর্শককে নিয়ে করা ভোডাফোনের ২০২৩ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, ম্যাচ চলাকালে ৬৩ শতাংশ দর্শক প্রায় সময় তাদের মোবাইল ফোন ব্যবহার করেন। তারা সেলফি, লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন, যা বিরক্তি তৈরি করে।


অবশ্য হাফটাইমের বিরতিতে দর্শকরা তাদের ডিভাইস চেক করার অনুমতি পাবেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ামাত্রই আবার অ্যাপটি চালু করতে হবে, শেষ বাঁশি বাজার পর তারা জানতে পারবেন কত পয়েন্ট পেয়েছেন। যারা সবচেয়ে কম তাদের স্ক্রিন আনলক করবেন এবং সর্বোচ্চ পয়েন্ট পাবেন, তারা জিতবেন বিভিবি সাক্ষরিত জার্সি ও ক্লাব শপের ভাউচার।


আগামী ২৪ অক্টোবর বুন্দেসলিগায় ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচ থেকেই নতুন এই অ্যাপ ফিচার সমর্থকরা পরীক্ষা করে দেখতে পারবেন।