প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: উন্নয়নের নানা দাবিতে প্রহর গুনছেন নগরবাসী

City dwellers are waiting for various demands for development
আবুল কালাম আজাদ, ​বিশেষ প্রতিনিধি:- ১৯ অক্টোবর ২০২৬ ০২:৫২ অপরাহ্ন জাতীয়
আবুল কালাম আজাদ, ​বিশেষ প্রতিনিধি:- ১৯ অক্টোবর ২০২৬ ০২:৫২ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: উন্নয়নের নানা দাবিতে প্রহর গুনছেন নগরবাসী
--সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন (২০ অক্টোবর) রাজশাহী সফর ও ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভাকে কেন্দ্র করে পুরো বরেন্দ্র অঞ্চলে বইছে উৎসবের আমেজ। 

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এই সফরকে ঘিরে রাজশাহীবাসীর মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রত্যাশার পারদ। দীর্ঘদিন ধরে অবহেলিত কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতের উন্নয়নে সফরকালে বেশ কিছু যুগান্তকারী ঘোষণার অপেক্ষায় রয়েছেন রাজশাহীর স্থানীয় বাসিন্দারা।

​সম্প্রতি ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী  স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের বক্তব্যে রাজশাহীবাসীর দীর্ঘদিনের যেসব প্রধান উন্নয়ন-প্রত্যাশা উঠে এসেছে, সেগুলো হলো:

​১. রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ:-

উত্তরাঞ্চলের সাথে বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য প্রসার এবং প্রবাসী ও ব্যবসায়ীদের যাতায়াত সহজ করতে রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার জোর দাবি জানাচ্ছে নগরবাসী।

​২. কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন:-

রাজশাহী ও এর আশপাশের জেলাগুলোর উৎপাদিত কৃষিপণ্যের সঠিক ব্যবহার, প্রক্রিয়াজাতকরণ এবং বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে একটি কৃষিভিত্তিক ইপিজেড স্থাপনের প্রত্যাশা করছেন স্থানীয় উদ্যোক্তা ও সাধারণ মানুষ। এটি বাস্তবায়িত হলে অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

​৩. পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা:-

বরেন্দ্র অঞ্চল কৃষিপ্রধান এলাকা হওয়া সত্ত্বেও এখানে কোনো বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় নেই। এই অঞ্চলের কৃষি গবেষণা, উন্নত জাত উদ্ভাবন ও আধুনিক কৃষিপ্রযুক্তির বিকাশে রাজশাহীতে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের।

​৪. রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা:-

উত্তরাঞ্চলের কোটি মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চলমান নির্মাণকাজ দ্রুত শেষ করে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর আকুল আবেদন রয়েছে স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের।

​৫. আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ ঘোষণা:-

রাজশাহী প্রাকৃতিকভাবেই দেশের অন্যতম প্রধান শিক্ষানগরী হিসেবে পরিচিত। তবে নগরীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ হিসেবে সরকারি স্বীকৃতি প্রদান ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রত্যাশা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

​৬. বীজ সংরক্ষণ ও আখচাষিদের জন্য বিশেষ ব্যবস্থা:-

কৃষিপ্রধান এই অঞ্চলে উন্নত মানের বীজ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং চিনিশিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে আখচাষিদের সার্বিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে।

​স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতৃবৃন্দের মতে, এই প্রদেয় দাবি ও প্রত্যাশাগুলো বাস্তবায়িত হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ক্ষেত্রে রাজশাহীর সম্ভাবনা আরও বহুগুণ বিস্তৃত হবে এবং উত্তরবঙ্গের অর্থনীতিতে এক নতুন গতি সঞ্চারিত হবে।