রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২

2 arrested with 1.1 million taka
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ২২ অক্টোবর ২০২৬ ০৪:১৪ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ২২ অক্টোবর ২০২৬ ০৪:১৪ অপরাহ্ন
রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২
রাজশাহীর কাটাখালীতে বসতবাড়ির মেঝের টাইলসের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন গুদাম থেকে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহীর কাটাখালীতে বসতবাড়ির মেঝের টাইলসের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন গুদাম থেকে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

পৃথক দুটি অভিযানে আবুল কালাম আজাদ (৪৪) ও মো. মানিক ইসলাম (৪৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) গণমাধ্যম শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় মহানগর পুলিশের বিশেষ মাদকবিরোধী দলের সহযোগিতায় কাটাখালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে কাটাখালী থানার এমাদপুর গ্রামে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৩ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।



পরে আবুল কালাম আজাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে একই গ্রামের মানিক ইসলামের বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়িতে তল্লাশির একপর্যায়ে মেঝের টাইলসের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন স্থানে ড্রাম দিয়ে বানানো গুদামের সন্ধান পাওয়া যায়। সেখানে একটি ব্যাগের ভেতর লুকিয়ে রাখা ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দের পাশাপাশি মানিক ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মানিক ইসলাম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা, রাজশাহীর বাঘা ও বোয়ালিয়া থানায় একটি করে এবং মতিহার থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ছাড়া কাটাখালী ও মতিহার থানায় তাঁর বিরুদ্ধে পেনাল কোড ও অস্ত্র আইনে মামলার তথ্যও রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।