রাজশাহীর ঐতিহ্যবাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Traditional New Government Degree College hosts reception for meritorious students
আবুল কালাম আজাদ, রাজশাহী:- ২২ অক্টোবর ২০২৬ ০৫:০১ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ, রাজশাহী:- ২২ অক্টোবর ২০২৬ ০৫:০১ অপরাহ্ন
রাজশাহীর ঐতিহ্যবাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
ছবি - বিজয় বাংলা

উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রাজশাহীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নিউ গভঃ ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’। অনুষ্ঠানে  মেধা ও সফলতার স্বীকৃতি হিসেবে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


​বৃহস্পতিবার (২২ অক্টোবর) কলেজ মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার।


​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। মেধা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিউ গভঃ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীরা তাদের অসাধারণ সাফল্যের মাধ্যমে রাজশাহী অঞ্চলের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করছে।



 ছবি - বিজয় বাংলা

তিনি আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামীতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


​বিশেষ  অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “শিক্ষানগরী রাজশাহীর অনন্য এক গৌরব নিউ গভঃ ডিগ্রি কলেজ। এই বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন।” তিনি আরও যোগ করেন, “আমাদের যৌথ উদ্যোগে এই কলেজকে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য পড়াশোনার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক ভূমিকা রাখা প্রয়োজন।”


 ছবি - বিজয় বাংলা


​অনুষ্ঠানে  অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, নিউ গভঃ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. রাশেদ করিম।

​এছাড়াও সুধীজন ও অতিথিদের সারিতে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালক প্রফেসর হুমায়ুন কবীর, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফ এবং সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর জুবাইদুর রহমান আল গালিব। অনুষ্ঠানে কলেজের বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।


​আড়ম্বরপূর্ণ এই আয়োজনের শেষ পর্বে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপির দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।