শীতকালীন সব ধরনের সবজির দাম কমেছে
সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির দাম কমেছে। শীতকালীন সব ধরনের সবজির দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা কমেছে।
একইসঙ্গে গত সপ্তাহের চেয়ে মুরগির দামও কিছুটা কমেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়া ও কাজীপাড়া বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
এসব বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে শীতকালীন সব ধরনের সবজি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা কমেছে। শিম প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৫০ থেকে ২০০ টাকা।
নতুন আলু ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ২০০ টাকা। প্রতিকেজি মুলা ৫০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং ছোট আকারের বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।
পূজার ছুটিতে চাহিদা কমে যাওয়ায় গ্রীষ্মকালীন সব ধরনের সবজিও কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। পটল, ঢেঁড়শ, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা কেজি, বেগুন কেজিতে ২০ টাকা কমে ৮০ থেকে ১২০ টাকা, কাঁচামরিচ কেজিপ্রতি ২০ টাকা কমে ১০০ থেকে ১২০ টাকা, টমেটো কেজিতে ৫০ টাকা কমে ১৫০ টাকা, জলপাই ৫০ থেকে ৬০ টাকা এবং গাজর প্রতিকেজি ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এসব বাজারে পেঁপে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা, আলু ৩০ টাকা ও পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে কচুরলতি ৮০ টাকা, কচুরমুখি ৫০ থেকে ৬০ টাকা, শসা দাম কিছুটা বেড়ে ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে এক হালি লেবু ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনেপাতা ২৫০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২০০ কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৭০ টাকা পিস এবং ক্যাপসিকাম ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এসব বাজার ঘুরে দেখা গেছে, সোনালি কক মুরগি কেজিতে ১০ টাকা কমে ৩১০ টাকা ও সোনালি হাইব্রিড মুরগি ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৬০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা ও দেশি মুরগি ৬৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
এসব বাজারে লাল শাক আঁটি ১৫ টাকা, লাউ শাক আঁটি ৫০ টাকা, কলমি শাক ২ আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা ও ডাটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে প্রতিকেজি শিং চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকা, দেশি শিং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, প্রতিকেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬৫০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৩৫০ থেকে ৫০০ টাকা, পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪৫০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা, কই ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা ও পাঁচ মিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে গরুর মাংস ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।
এসব বাজারে এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা, হাঁসের ডিম এক ডজন ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা ও সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।