ঠাকুরগাঁও ১ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সামগ্রী বিতরণ, বৃহস্পতিবার ভোট
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু করেছে জেল নির্বাচন অফিস।
জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা কামরুল ইসলাম নির্বাচন সামগ্রী বিতরণের উদ্বোধন করেন। এর আগে পুলিশ, আনসার ও ভিডিপির সদস্যরা তাদের নিজ নিজ সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে সম্ভব্য সহিংসতা, বিশৃঙ্খলা ও যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংসদীয় এলাকার ১৮৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের (ঠাকুরগাঁও সদর উপজেলা এবং নবগঠিত রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত) মোট ভোটকেন্দ্র ১৮৫টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।
এ উপ-নির্বাচনে প্রার্থীরা হলেন- মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ ও নারী ৩৮ জন।
উল্লেখ্য, গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে আসনটিতে উপ-নির্বাচনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবারের ভোটে নির্বাচিত হবেন এ আসনের নতুন সংসদ সদস্য।