রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টিতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন সহায়তা প্রকল্পের আওতায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে স্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনের ৮ম তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
ইউএনডিপি, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডকা) এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় মোট ১২০ জন উপকারভোগীর মধ্যে ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে বিজনেস কার্ট প্রদান করা হয়। নির্বাচিত এই ১২০ জন উপকারভোগীর মধ্যে ১১৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এ সহায়তা সরঞ্জাম দেওয়া হয়েছে। আগামীতে এই প্রকল্পের কার্যক্রম নগরীর ৩০টি ওয়ার্ডে সম্প্রসারণের চেষ্টা করা হবে। সম্মিলিতভাবে বেকারত্ব দূরীকরণ এবং বেকার জনগোষ্ঠীকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে বেকার তরুণ-তরুণীদের নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করা হবে। বর্তমান সরকার উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। গত ১ নভেম্বর জাতীয় যুব দিবসে তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করা হয়েছে। সরকারের এসব উদ্যোগ বেকারত্ব দূরীকরণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
উন্নয়ন সহযোগীদের প্রশংসা করে রাসিক প্রশাসক বলেন, ইউএনডিপি, সিডকাসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় নগরীর দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতে প্রশংসনীয় কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। রাজশাহী নগরীতে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কার্যক্রম আরও সম্প্রসারণে রাসিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
এ সময় নগরীর ফুটপাত দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ফুটপাত সাধারণ নাগরিকদের চলাচলের জন্য। ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ফুটপাতের হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনেও বাস্তবমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি প্রফেসর মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট আবদুল্লাহ আল মাসুমসহ রাসিকের বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রকল্পের কর্মকর্তা, সিডিসির নেতৃবৃন্দ ও উপকারভোগীরা।
এ সময়, অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন উপকারভোগী আসমা খাতুন, রেবা খাতুন ও ইয়াসমিন খাতুন জুথি। তাঁরা বলেন, প্রাপ্ত এসব সহায়তা সরঞ্জাম তাঁদের নতুন আয়ের পথ উন্মুক্ত করবে এবং জীবিকা নির্বাহে বড় ভূমিকা রাখবে। এর মাধ্যমে তাঁরা নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং রাসিক প্রশাসকসহ প্রকল্প সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ইউএনডিপির তত্ত্বাবধানে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাস্তবায়িত 'লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ (LSUPCB)' প্রকল্পের আওতায় গত এক বছরে রাজশাহী মহানগরীর ১২০ জন কর্মহীন নারী-পুরুষকে কম্পিউটার ও সেলাই বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ সম্পন্নকারীদের স্বকর্মসংস্থান ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেই আজ এই সহায়তা সরঞ্জাম বিতরণ করা হলো।