দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ

cricket
অনলাইন ডেস্ক ০৬ নভেম্বর ২০২৬ ০৫:৩১ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ০৬ নভেম্বর ২০২৬ ০৫:৩১ অপরাহ্ন
দ্বিতীয় দিন  শেষে  ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ
--সংগৃহীত ছবি

ব্যাটিং নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা কাটছেই না। মিরপুর টেস্টে বাজে ব্যাটিংয়ে হারের পর সিলেটে নিজেদের প্রথম ইনিংসের শুরুটাও স্বাগতিক ব্যাটারদের জন্য ভালো হয়নি। ৫১ রানে ৩ উইকেট হারানোর পর দলকে টেনে তোলার চেষ্টা করছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। তবে আলোকস্বল্পতায় আগেভাগেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। এর আগে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮৮ রান।


ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও ২৬৮ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ক্যারিবীয়রা ৩৫৬ রান করেছে। তাদের পক্ষে আমির জাঙ্গু সর্বোচ্চ ১৩৩, কেভিন উইকহ্যাম ৬১ ও জাস্টিন গ্রিভস ৫১ রান করেছিলেন। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ টেস্টে পঞ্চম ফাইফারসহ শিকার করেন ৬ উইকেট। এরপর দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে হৃদয় ২৯ ও মুশফিক ১৬ রানে অপরাজিত আছেন।


মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করেছিলেন নাঈম হাসান। সাদমান ইসলাম অ্যাঙ্কলের চোট পাওয়ায় সিলেটে বাংলাদেশের প্রথম ইনিংসের ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে নামেন নাঈম। অথচ তিনি এর আগে কখনও প্রথম শ্রেণির ক্রিকেটেও ওপেন করেননি। নাঈমের নতুন এই অভিজ্ঞতা স্থায়ী হয়নি বেশিক্ষণ। জেইডেন সিলসের করা পঞ্চম ওভারে তিনি ৫ রান করে স্লিপে ব্রেন্ডন কিংকে ক্যাচ দেন।


১৩ রানে প্রথম উইকেট হারানোর পর তিনে নামেন নাজমুল হোসেন শান্ত। আগের টেস্টে কনকাশন বদলি হওয়া মুমিনুল হক নিয়মানুযায়ী এই ম্যাচে খেলতে পারছেন না। ফলে তার পজিশনে উন্নীত হলেন বাংলাদেশ অধিনায়ক। এরপর জাস্টিন গ্রিভসের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে শট খেলার চেষ্টায় পয়েন্টে ক্যাচ দিয়েছেন তানজিদ। অভিষিক্ত উইকহ্যামের শূন্যে লাফিয়ে ধরা দারুণ ক্যাচে তিনি ১৬ রানে প্যাভিলিয়নে ফিরলেন। ২২ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা।


দলের হাল ধরার দায়িত্বটা ছিল অধিনায়ক শান্ত’র ওপর। কিন্তু হৃদয়কে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার ইঙ্গিতটাও ঠিকঠাক হলো না। তাদের ২৯ রানের জুটি ভেঙে শান্ত’র স্টাম্প উড়িয়ে দিয়েছেন শামার জোসেফ। আউট হওয়ার আগে অধিনায়কের ব্যাটে এলো ১৮ রান। শেষ পর্যন্ত হৃদয় ও মুশফিক দেখেশুনে খেলে বাকি সময় পার করার পথে ছিলেন।


যদিও আলোকস্বল্পতায় বিরতি দেওয়ার পর তাদের আর মাঠে নামা হয়নি। ৩৭ রানের জুটিটা আরও বড় করার লক্ষ্যে তারা আগামীকাল তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন।