মুক্তি পেয়েই ১৫০ কোটি ছাড়াল ‘রামায়ণ’
মুক্তির দিনেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। রণবীর কাপুর ও যশ অভিনীত এই ভারতীয় সিনেমা গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্বজুড়ে ১৫৫ কোটি রুপি আয় করেছে বলে খবর। এর মধ্যে সিনেমাটি শুধু নিজেদের বাজারে আয় করেছে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, মুক্তির প্রথম দিন ভারতে ২৫ হাজার ২০০টি শো থেকে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি আয় করে ‘রামায়ণ’। সব ভাষা মিলিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়ায় ৭৭ কোটি ৫০ লাখ রুপি (গ্রস)। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে হিন্দি সংস্করণ থেকে। ২০ হাজার ৬৭৮টি শো থেকে হিন্দি সংস্করণের আয় ৪৭ কোটি ৫০ লাখ রুপি।
এ ছাড়া কন্নড় সংস্করণ ১ হাজার ১৯৭টি শো থেকে ৭ কোটি ২৫ লাখ, তেলুগু সংস্করণ ১ হাজার ৭৭৬টি শো থেকে ৬ কোটি, তামিল সংস্করণ ৯৯২টি শো থেকে ২ কোটি ৬০ লাখ এবং মালয়ালম সংস্করণ ৫৫৭টি শো থেকে ১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে।
মুক্তির প্রথম দিন হিন্দি সংস্করণের থ্রিডি শোগুলোতে দর্শক উপস্থিতি ছিল ৩৩ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে টুডি সংস্করণে এই হার ছিল ২৭ দশমিক ৭৯ শতাংশ। বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় দর্শক উপস্থিতি তুলনামূলক কম ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে দীপাবলির ছুটি শুরু হওয়ায় পরবর্তী দিনগুলোতে দর্শক উপস্থিতি ও আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।
এদিকে, ভারতের বাজারে প্রথম দিনের আয়ের হিসাবে শাহরুখ খানের ‘পাঠান’ (৫৭ কোটি রুপি) ও ‘অ্যানিম্যাল’ (৬৩ কোটি রুপি) সিনেমাকে ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’। তবে শাহরুখের ‘জওয়ান’ (৭৫ কোটি রুপি) এবং রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ (১০২ কোটি রুপি)-এর প্রথম দিনের আয়কে ছাড়াতে পারেনি সিনেমাটি।
নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, অরুণ গোভিল, রবি দুবে, লারা দত্ত ও সানি দেওলসহ অনেকে অভিনয় করেছেন। নির্মাতার দাবি অনুযায়ী, বিশ্বের ১০০টি দেশের ৫০ হাজারের বেশি পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে সনি পিকচার্স।
দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। দুই পর্ব মিলিয়ে সিনেমাটির মোট বাজেট ৪ হাজার কোটি রুপি। এর দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৮ সালে।