শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

Vegetable cultivation
অনলাইন ডেস্ক ০৭ নভেম্বর ২০২৬ ০২:২৯ অপরাহ্ন কৃষি
অনলাইন ডেস্ক ০৭ নভেম্বর ২০২৬ ০২:২৯ অপরাহ্ন
শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
সংগৃহীত ছবি

নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতোমধ্যে তারা জমিতে চারা রোপণ, পরিচর্যা ও জমি প্রস্তুতের কাজে ব্যস্ত রয়েছেন। অনেকে আবার আগাম চাষ করা শিম বাজারজাত শুরু করেছেন। 


কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর এ উপজেলায় প্রায় ২০০ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শীত জুড়ে বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যায়ক্রমে চারা রোপণ করছেন কৃষকরা। মাঠে লাল শাক,পুঁই শাক, পালংশাক, লাউ, গাজর, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মুলা ও শিমসহ নানা ধরনের সবজি চাষ শুরু হয়েছে। 


শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে লোহাগড়া উপজেলার দোয়া-মল্লিকপুর গ্রামের কৃষক উজ্বল মল্লিক বলেন, ‍“এ বছর আমি দুই একর জমিতে শীতকালীন সবজি চাষ করেছি। সকালে থেকে দুপুরে পর্যন্ত সবজির ক্ষেত পরিচর্যার কাজ করছি। এক একর জমিতে আগাম চাষ করা শিম গাছ ফুল ও ফলে ভরে উঠেছে। ”


তিনি জানান, ক্ষেতে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত তিনি ৪০ হাজার টাকার শিম বিক্রি করেছেন বাজারে। আবহাওয়া অনুকূলে থাকলে ও বর্তমান বাজার দর ঠিক থাকলে প্রায় ২ লাখ টাকার শিম বিক্রি করার করতে পারবেন।


চর-কালনা গ্রামের শাহিদুল ইসলাম বলেন, “এ বছর বৃষ্টির কারণে দুইবার বীজতলা নষ্ট হয়েছে। তৃতীয় বারের মতো তৈরি বীজ তলার চারা রোপণের উপযোগী হয়েছে। 


তিনি জানান, তার একর জমিতে শীতকালীন শাক-সবজির মধ্যে রয়েছে শিম, বেগুন, লাল শাক, পুঁই শাক, পালংশাক ও শশা। শ্রমিক সংকট, মজুরি বৃদ্ধি এবং কৃত্রিম সার সংকট কৃষকদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে বলে জানান তিনি।


মল্লিকপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহান কাজী বলেন, “কৃষক উজ্বল মল্লিকের শিম ক্ষেতে নিয়মিত পরিচর্যা ও রোগবালাই ব্যবস্থাপনার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। বারোমাসি আইরেট (হাইব্রিড) জাতটি শীতকালীন সময়ে চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকের ভালো ফলন পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের শিমসহ সব ধরনের সবজি চাষে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।”


লোহাগড়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মুনমুন সাহা জানান, দিনে রোদ আর রাতে ঠান্ডার এই আবহাওয়া আগাম শীতকালীন সবজি চাষের জন্য উপযোগী। বারোমাসি আইরেট (হাইব্রিড) জাতের শিমটি খেতে খুবই সুস্বাদু এবং বাজারে এর চাহিদা রয়েছে। 


তিনি জানান,এই জাতের শিমের উৎপাদন ও ফলন খুবই ভালো হয়। আগামীতে এই জাতের শিম চাষ আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন মুনমুন সাহা।