নতুন পাসপোর্ট-এনআইডি চাইলেন শেখ হাসিনা : রয়টার্স
ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) ভারতে থাকা অবস্থায় বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তিনি এ আবেদন করেন।
২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তাঁর পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি শেখ হাসিনার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। দুই বছরের বেশি সময় আগে প্রাণঘাতী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ শাসনের অবসান ঘটে। তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।
শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান। তাঁর সহযোগীরা সোমবার জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধবিষয়ক আদালত শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে বাংলাদেশের দিল্লি দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তাঁর বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক চুক্তি থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসরণ করে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
শেখ হাসিনার পতনের আগে তাঁর দল আওয়ামী লীগ ছিল দেশের বৃহত্তম রাজনৈতিক দল। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দি হয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।
বিভিন্ন মেয়াদে মোট ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। এখনো দেশের জনগণের একটি অংশের মধ্যে তাঁর সমর্থন রয়েছে। তাঁর দেশে প্রত্যাবর্তন রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, দুই বছরের বেশি সময়ের অস্থিরতার পর ঢাকার সরকার যখন স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন তাঁর প্রত্যাবর্তন নতুন পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
অন্যদিকে, শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে।
সূত্র : রয়টার্স