রাজশাহীতে সার না পেয়ে মহাসড়কে চার শতাধিক কৃষক

Over 400 farmers stranded on highway due to lack of fertilizer
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:- ০৯ নভেম্বর ২০২৬ ০৮:০৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:- ০৯ নভেম্বর ২০২৬ ০৮:০৪ অপরাহ্ন
রাজশাহীতে সার না পেয়ে মহাসড়কে চার শতাধিক কৃষক
রাজশাহীর গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন ৪ শতাধিক কৃষক।

রাজশাহীর গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন  ৪ শতাধিক কৃষক। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার হাতনাবাদ এলাকায় তাঁরা মহাসড়কে অবস্থান নেন। 

এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেন কৃষকেরা।


খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ও গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা। তাঁরা কৃষকদের সঙ্গে কথা বলেন। কৃষকদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং চাহিদা অনুযায়ী সার সরবরাহের আশ্বাস দিলে তাঁরা মহাসড়ক থেকে সরে যান।


স্থানীয় সূত্রে জানা গেছে, হাতনাবাদ এলাকায় বিসিআইসির সার ডিলার মেসার্স মানিক ট্রেডার্স এবং এর পাশেই বিএডিসির ডিলার মেসার্স মোশাররফ হোসেনের প্রতিষ্ঠান। মানিক ট্রেডার্সে ১৫০ বস্তা ডিএপি সার মজুদ ছিল। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাবিবুর রহমান সেই সার বিক্রি করেন। 


বিকেলে পাশের মোশাররফ হোসেনের গুদামে থাকা আরও ১৫০ বস্তা ডিএপি সার বিক্রির কথা ছিল। তবে মজুতের তুলনায় উপস্থিত কৃষকের সংখ্যা বেশি হওয়ায় সবাই সার পাবেন না—এমন আশঙ্কা থেকে তাঁরা সড়ক অবরোধ করেন।


এদিকে সার নিয়ে কোনো সংকট নেই বলে দাবি করেছেন ডিলার হাবিবুর রহমান। তাঁর অভিযোগ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম নতুন ডিলারশিপের আবেদন করেও পাননি। ডিলারশিপ পেয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের ভাই মাইনুল হক। এ কারণে পরিস্থিতি ঘোলাটে করতে মাহফুজুর রহমান ডালিম কৃষকদের দিয়ে মহাসড়ক অবরোধ করিয়েছেন।


তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজুর রহমান ডালিম। তিনি বলেন, ‘আমিই কৃষকদের শান্ত করতে গিয়ে গালাগাল শুনলাম, ধাক্কা খেলাম, লাঞ্ছিত হলাম। আর আমার কথা বলছে? হায় হায়!’ তাঁর দাবি, সেখানে চার-পাঁচশ কৃষক বিক্ষোভ করেছেন। পরিস্থিতি ভয়াবহ ছিল।


ইউএনও ইসরাত জাহান বলেন, ‘৩০ মিনিটের মতো মহাসড়ক অবরোধ ছিল। যানজট হয়েছিল। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। কৃষকদের শান্ত করেছি। তাঁদের কিছু অভিযোগ ছিল। সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছি। আর তাঁরা পর্যাপ্ত সারের দাবি করেছেন। আমরা বলেছি, চাষাবাদ শুরু করা কৃষকদের তালিকা আমাদের কাছে আছে। সে অনুযায়ী সবাইকে সার দেওয়া হবে। এরপর তাঁরা অবরোধ তুলে নিয়েছেন।’