আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

Workers block road
অনলাইন ডেস্ক ১০ নভেম্বর ২০২৬ ০২:২৮ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১০ নভেম্বর ২০২৬ ০২:২৮ অপরাহ্ন
আশুলিয়ায়  আবারও শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ
সংগৃহীত ছবি

পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারি ছুটিসহ কয়েকদিনের বিরতির পর আবারও আশুলিয়ার জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

সূত্র জানায়, এর আগে মঙ্গলবার সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের সব কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। তবে কারখানায় গেলেও কয়েকটি কারখানার শ্রমিকরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেন।

এরপর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় শ্রমিকরা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এসময় সংঘর্ষে অন্তত দুজন শ্রমিকের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আহতরা হলেন- আলমগীর হোসেন, ও রাফিয়া বেগম। তারা উভয়ই স্টারলিং স্টাইলের শ্রমিক বলে জানা গেছে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, আমাদের এখানে দুজন পোশাক শ্রমিক রাবার বুলেট ইনজুরি নিয়ে চিকিৎসা নিতে এসেছিল। এর মধ্যে রাফিয়া বেগম মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায়, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

এ বিষয়ে শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, সকালে সব কিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎই জামগড়া কিছুটা উত্তপ্ত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।