তথ্যমন্ত্রী

নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের স্থায়ী স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে সরকার

Andaliv Rahman Partha
অনলাইন ডেস্ক ১৬ নভেম্বর ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৬ নভেম্বর ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন
নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের স্থায়ী স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে সরকার
--সংগৃহীত ছবি

অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধনপ্রক্রিয়া আরও সহজ ও ব্যবহারবান্ধব করার পাশাপাশি নিবন্ধিত সংবাদমাধ্যমকে স্থায়ী স্বীকৃতি দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হলেন আন্দালিভ রহমান পার্থ।

তিনি বলেন, অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া ও মনগড়া সংবাদ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে এক্ষেত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলার মধ্যে ভারসাম্য বজায় রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের একটি শৃঙ্খলার মধ্যে থাকা প্রয়োজন, সাংবাদিকদের এই দাবি যৌক্তিক। নিবন্ধিত সংবাদমাধ্যমগুলোর একটি স্থায়ী অবস্থান থাকা দরকার।

একইসঙ্গে নতুন যারা নিবন্ধন নিতে চান, তাদের জন্য প্রক্রিয়াটি সহজ ও ব্যবহারবান্ধব করা প্রয়োজন। বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

তিনি বলেন, অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন থাকলে কারা সংবাদ প্রকাশ করছে, কারা করছে না, সে বিষয়ে সরকারের একটি তথ্যভাণ্ডার থাকবে। এতে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত সংবাদমাধ্যমগুলোকে সহযোগিতা করা সহজ হবে।

মন্ত্রী বলেন, ভুয়া সংবাদ ও অপতথ্য ছড়ানোর বিষয়টি শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মের মূল লক্ষ্য ব্যবসা ও মুনাফা। বেশি অ্যাকাউন্ট, বেশি কনটেন্ট ও বেশি বিজ্ঞাপন তাদের আয়ের উৎস। ফলে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিটি ভুয়া সংবাদ বা ক্ষতিকর কনটেন্ট বন্ধ করা কঠিন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের ক্ষেত্রে সংবাদমাধ্যমসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বারবার আলোচনা করতে হচ্ছে। কারণ, অতীতের অভিজ্ঞতার কারণে আইনকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহারের আশঙ্কা তাদের মধ্যে রয়েছে। সরকার আশ্বস্ত করতে চায়, এসব উদ্যোগের উদ্দেশ্য সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা নয়, বরং সুরক্ষা দেওয়া এবং অপতথ্য প্রতিরোধ করা।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সংবাদমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে গ্রহণযোগ্যতা। বিবিসি কিংবা প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের খবর মানুষ গ্রহণ করে তাদের বিশ্বাসযোগ্যতার কারণে। তাই সংবাদমাধ্যমের উচিত সেই গ্রহণযোগ্যতা ধরে রাখা। সরকারও এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চায়।

সভায় অনিবন্ধিত নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ ও ভুয়া সংবাদ ছড়ানোর প্রবণতা নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

একাধিক গণমাধ্যমের মালিকানা নিয়ে নীতিমালা

একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে কি না– এমন প্রশ্নের জবাবে আন্দালিভ রহমান পার্থ বলেন, বিষয়টি নিয়ে সরকার আলোচনা করছে। গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করতে কী ধরনের নীতিমালা করা যায়, তা পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, অতীতে কিছু ব্যক্তি ও গোষ্ঠী রাজনৈতিক ও আর্থিক সুবিধা নেওয়ার জন্য গণমাধ্যমকে ব্যবহার করেছেন। তবে সব গণমাধ্যম বা সাংবাদিককে একইভাবে মূল্যায়ন করা ঠিক হবে না। অনেকেই ভয়ভীতি ও চাপের মধ্যে দায়িত্ব পালন করেছেন।

মন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, বিশ্বাসযোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের লক্ষ্য, গণমাধ্যম যেন জনগণের কথা বলে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে।

আন্দালিভ রহমান পার্থ বলেন, জুলাইয়ের চেতনা ধরে রাখা ও অতীতের স্বৈরাচারী শাসনের ক্ষয়ক্ষতি সম্পর্কে জনগণকে সচেতন করাও জরুরি। গণতান্ত্রিক পরিবেশে সংবাদমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার সুযোগ রয়েছে। সরকারের ভুলত্রুটি থাকলে তাও সংবাদমাধ্যমকে তুলে ধরতে হবে।