২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট: ইসি সানাউল্লাহ
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি দেশের ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের এই নির্বাচনের ৫০ দিন বা এর কিছু সময় আগে-পরে তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি। তিনি জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচন নিয়ে সব দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।
ইসি সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলার ১ হাজার ১০০টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১ হাজার ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩ ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫০ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
তফসিল ঘোষণা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন বা এর কিছু সময় আগে-পরে তফসিল ঘোষণা করা হতে পারে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।
ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজন করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই এই সংলাপ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন, নির্বাচন কমিশন তার সবই করবে।