পরিবহনেও ধস রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

টানা দুই বছর শূন্যের কোঠায় রেলের সার পরিবহন, খাদ্যশস্যে আয় কমেছে ৯৭ শতাংশ

Railway fertilizer transport at zero for two consecutive years
আবুল কালাম আজাদ ,বিশেষ প্রতিনিধি:- ১৬ নভেম্বর ২০২৬ ০২:৩৫ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ ,বিশেষ প্রতিনিধি:- ১৬ নভেম্বর ২০২৬ ০২:৩৫ অপরাহ্ন
টানা দুই বছর শূন্যের কোঠায় রেলের সার পরিবহন, খাদ্যশস্যে আয় কমেছে ৯৭ শতাংশ
--সংগৃহীত ছবি

সড়কপথের তুলনায় সাশ্রয়ী ও নিরাপদ হওয়া সত্ত্বেও চরম ইঞ্জিন (লোকোমোটিভ) সংকট ও পরিচালনাগত দুর্বলতায় পণ্য পরিবহনে বড় ধরনের ধস নেমেছে বাংলাদেশ রেলওয়েতে। গত দুই অর্থবছরে দেশের বিভিন্ন গুদাম ও বিপণনকেন্দ্রে রেলপথে এক ছটাকও সার পরিবহন হয়নি।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) এ খাতে কোনো ট্রিপ দেয়নি সংস্থাটি। শুধু সারই নয়, খাদ্যশস্য পরিবহনও এখন প্রায় বন্ধের পথে। পাশাপাশি জ্বালানি তেল ও কনটেইনার পরিবহনেও আশঙ্কাজনক হারে কমেছে রেলের কার্যক্রম ও রাজস্ব আয়।

রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখার অভ্যন্তরীণ নথি অনুযায়ী, পণ্য পরিবহনের এমন নাজুক চিত্র পাওয়া গেছে। নথিতে লোকোমোটিভ সংকটকে প্রধান কারণ হিসেবে দেখানো হলেও খাতসংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনার অভাব, সড়কপথের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া এবং জবাবদিহির অভাবে সম্ভাবনাময় এই খাতটি সংকুচিত হয়ে পড়ছে।


সার পরিবহনে রেলের ‘শূন্য’ খাতা:-

রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ২৫টি ট্রিপের মাধ্যমে ৬২৯টি ওয়াগনে ৪৯ হাজার ২৪৭ টন সার পরিবহন করে রেলের আয় হয়েছিল ২ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৮১ টাকা। পরের অর্থবছরে (২০২২-২৩) ট্রিপ কমে ১০টিতে এবং পরিবহন ৯ হাজার ৮ টনে নেমে আসে, আয় হয় ৯৯ লাখ ৩৪ হাজার ৯০৯ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে তা আরও কমে মাত্র ৭টি ট্রিপে ৫ হাজার ৬০৯ টন সার পরিবহন করে আয় দাঁড়ায় ৬১ লাখ ৫১ হাজার ৯৪৮ টাকায়।


তিন অর্থবছরের ব্যবধানে সার পরিবহনের পরিমাণ ৮৮ দশমিক ৬ শতাংশ এবং আয় ৭০ দশমিক ২ শতাংশ কমে যায়। এরপর ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে সার পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে যায়। চলতি অর্থবছরের প্রথম তিন মাসেও এ খাত থেকে কোনো আয় আসেনি।



খাদ্যশস্য পরিবহন প্রায় বন্ধের পথে:-

সারের মতো খাদ্যশস্য পরিবহনেও ধস নেমেছে। ২০২১-২২ অর্থবছরে ৫০টি ট্রিপে ৫৯ হাজার ৬৬৩ টন খাদ্যশস্য পরিবহন করে রেল আয় করেছিল ৪ কোটি ৪৩ লাখ ৯৮ হাজার টাকা। পরের বছর ৩৯টি ট্রিপে আয় হয় ৪ কোটি ৪৯ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ট্রিপ বাড়িয়ে ৮০টি করা হলেও পরিবহন কমে ৪৫ হাজার ২৫০ টনে এবং আয় ৩ কোটি ৫৫ লাখ টাকায় নেমে আসে।


২০২৪-২৫ অর্থবছরে ২০টি ট্রিপে ১৯ হাজার ১৫৯ টন খাদ্যশস্য পরিবহন করে আয় হয় ১ কোটি ৫৫ লাখ টাকা। আর গত ২০২৫-২৬ অর্থবছরে মাত্র ৩টি ট্রিপে ১ হাজার ৮ টন খাদ্যশস্য পরিবহন করে আয় হয়েছে মাত্র ১০ লাখ ৯৫ হাজার টাকা। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে খাদ্যশস্য পরিবহনের পরিমাণ ৯৮ দশমিক ৩ শতাংশ এবং আয় কমেছে ৯৭ দশমিক ৫ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এ খাতেও কোনো ট্রিপ পরিচালিত হয়নি।


জ্বালানি তেলেও বড় পতন:-

রেলের পণ্য পরিবহনের অন্যতম নির্ভরযোগ্য খাত জ্বালানি তেলেও বড় ধাক্কা লেগেছে। ২০২২-২৩ অর্থবছরে ৯৫৩টি ট্রিপে ১৩ হাজার ৯৪টি ওয়াগনে ৪ লাখ ২ হাজার ৬১৩ টন তেল পরিবহন করে রেলের আয় হয়েছিল ৩২ কোটি ৭১ লাখ টাকা। কিন্তু ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ৩২১টি ট্রিপে ১ লাখ ৬১ হাজার ৩২৮ টনে নেমে আসে এবং আয় দাঁড়ায় ১৪ কোটি ৪৫ লাখ টাকায়।


চার অর্থবছরের ব্যবধানে তেল পরিবহনে ট্রিপ কমেছে ৬৬ দশমিক ৩ শতাংশ, তেলের পরিমাণ কমেছে ৬০ শতাংশ এবং রাজস্ব আয় কমেছে ১৮ কোটি ২৬ লাখ টাকার বেশি (প্রায় ৫৫ দশমিক ৮ শতাংশ)। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ১১২টি ট্রিপে ১২ হাজার ৯৯৩ টন তেল পরিবহন করে আয় হয়েছে ৪০ লাখ ২৫ হাজার টাকা।


পাঁচ বছরে কনটেইনারে আয় কমেছে ৪৬ কোটি টাকা:-

রেলের সবচেয়ে লাভজনক খাত হিসেবে পরিচিত কনটেইনার পরিবহনেও একই চিত্র। ২০২১-২২ অর্থবছরে ১ হাজার ৯৪৫টি ট্রিপে ১ লাখ ২ হাজার ৯৭ টিইইউ (২০ ফুট দীর্ঘ কনটেইনার) কনটেইনারে ১৫ লাখ ৫৬ হাজার ৩২৪ টন পণ্য পরিবহন করে আয় হয়েছিল ১১৩ কোটি ৫৮ লাখ টাকা। কিন্তু ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ১৩৫টি ট্রিপে ৪৩ হাজার ৭৫ টিইইউ কনটেইনারে ৫ লাখ ৮ হাজার ৪৯১ টন পণ্য পরিবহন করে আয় নেমে এসেছে ৬৭ কোটি ৮ লাখ টাকায়।

পাঁচ বছরের ব্যবধানে কনটেইনার পরিবহনে ট্রিপ কমেছে ৪১ দশমিক ৬ শতাংশ, পণ্যের পরিমাণ ৫৭ দশমিক ৮ শতাংশ এবং আয় কমেছে ৪৬ কোটি ৪৯ লাখ ৭১ হাজার ৭৩৪ টাকা (প্রায় ৪১ শতাংশ)।

 চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ২৩৭টি ট্রিপে ১১ হাজার ৪৬৮ টিইইউ কনটেইনারে ৭৪ হাজার ১৩ টন পণ্য পরিবহন করে আয় হয়েছে ১৫ কোটি ২৩ লাখ টাকা।


রাজস্ব হারাচ্ছে রেল:-

পণ্যবাহী ট্রেনের ট্রিপ কমা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় রেলের রাজস্ব আয় কমছে। নথিতে লোকোমোটিভ সংকটকে পণ্য পরিবহন কমার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে চাহিদা হ্রাস, সড়কপথের সঙ্গে প্রতিযোগিতা ও পরিচালনাগত ত্রুটিও এ পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সার্বিক বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা সীমিত। দেশের মোট পণ্য পরিবহনের মাত্র ৩ শতাংশ রেলের মাধ্যমে হয়। লোকোমোটিভ সংকট ও মোংলা বন্দরের সীমিত কার্যক্রমের কারণে পণ্য পরিবহন কমেছে। এ সক্ষমতা বাড়াতে ২০২৯ সালের মধ্যে ৬০টি লোকোমোটিভ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আরও ৮০টি লোকোমোটিভ সংগ্রহের পরিকল্পনা রয়েছে।’


বুয়েটের অধ্যাপক শামসুল হক বলেন, ‘রেলের কনটেইনার পরিবহনে আয় কমার পেছনে লোকোমোটিভ সংকটসহ নানা সীমাবদ্ধতার কথা বলা হচ্ছে। কিন্তু প্রকল্প নেওয়ার সময় এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়নি কেন? সম্ভাব্যতা সমীক্ষায় যেসব আয় ও সেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা অর্জিত না হলেও রেলওয়েকে জবাবদিহি করতে হচ্ছে না। প্রকল্পের প্রতিশ্রুতি অনুযায়ী সুফল না পাওয়ার কারণ খতিয়ে দেখতে সংসদীয় স্থায়ী কমিটির শুনানি হওয়া উচিত। জনগণের অর্থ ব্যয়ে নেওয়া প্রকল্পের দায়বদ্ধতা নিশ্চিত না হলে এ ধরনের ব্যর্থতা চলতেই থাকবে।