পূজার আগে প্রসাদ খাওয়ায় মেয়েকে মেরে ফেললেন মা

Mother kills daughter for feeding her prasad before puja
অনলাইন ডেস্ক ১৬ নভেম্বর ২০২৬ ১২:২৪ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ১৬ নভেম্বর ২০২৬ ১২:২৪ অপরাহ্ন
পূজার আগে প্রসাদ খাওয়ায় মেয়েকে মেরে ফেললেন মা
--সংগৃহীত ছবি

ভারতের বিহারে ছট পূজায় দেবীর জন্য সাজানো প্রসাদ আগে খাওয়ায় নিজের মেয়েকে মারতে মারতে মেরে ফেলেছেন তার মা। এ ঘটনায় ওই মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার (১৬ নভেম্বর) জানিয়েছে, গতকাল রোববার পূজার জন্য প্রসাদ সাজান রিনা কুমারি। এ সময় বাড়ির অন্যরা পার্শ্ববর্তী ঘাটে যান পূজার আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে।

তখন চার বছর বয়সী সুহানী কুমারি সাজানো প্রসাদ থেকে একটি খাবার খায়। এতে ক্ষিপ্ত হয়ে তার মা তাকে ব্যাপক মারধর করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটির মৃতু হয়।

শিশুর বাবা রাজু পাসান বলেছেন, পরিবারের সব সদস্য ছট পূজার প্রস্তুতির জন্য ব্যস্ত ছিলেন। বাড়ির অন্যরা ঘাটে গিয়েছিলেন। আর রিনা কুমারি বাড়িতে প্রসাদের খাবার প্রস্তুতের কাজ করছিলেন।

ওই সময় শিশুটি একটি খাবার ধরে খেয়ে ফেলে। এরপর তাকে মারধর করে তার মা। তাকে এত বেশি মারা হয় যে ধীরে ধীরে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান রিনা। কিন্তু সেখানকার চিকিৎসক তার মেয়েকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা এ ঘটনা নিয়ে বলেছেন, “আমাদের মেয়ে আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের পরিবার থেকে পূজার আনন্দ চলে গেছে। আমি আমার স্ত্রীর কঠোর বিচার চাই। তাকে আর আমার জীবনে প্রয়োজন নেই। বাকি সন্তানদের আমিই বড় করব।” এ দম্পতির তিন সন্তান রয়েছে।

পুলিশ ঘটনা সম্পর্কে জেনে হাসপাতালে যায় এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। আর তার মাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি