মানুষ নিয়ে বৈদ্যুতিক উড়োজাহাজের আকাশযাত্রা শুরু
প্রথমবারের মতো মানুষ নিয়ে সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ। চীনের তৈরি ১০ টন ওজনের এই উড়োজাহাজের নাম সিই-২৫এ।
উড্ডয়নের সময় এতে ছিলেন তিনজন। শনিবার (১৪ নভেম্বর) পূর্ব চীনের শানডং প্রদেশে এ উড্ডয়ন সম্পন্ন হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, উড্ডয়নের সময় উড়োজাহাজটিতে দুইজন পাইলট ও একজন ফ্লাইট পরীক্ষক ছিলেন। উড্ডয়নের সময় উড়োজাহাজটি স্বাভাবিকভাবে চলেছে।
এর আগে গত ২ ফেব্রুয়ারি উড়োজাহাজটি প্রথমবারের মতো পাইলটবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন করে। সিই-২৫এ যৌথভাবে তৈরি করেছে চীনের কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন (কোমাক), চায়না একাডেমি অব লঞ্চ ভেহিকল টেকনোলজি ও সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়।
এটি আন্তশহর রুটে চলাচলের জন্য তৈরি করা হয়েছে। উড়োজাহাজটিতে ১৯ জন যাত্রী বহন করা যাবে। এর সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ টন। ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম উড়োজাহাজটি একবারে ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে বলে জানা গেছে। এ পর্যন্ত ১৯টি পাইলটবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে এটি। উড়োজাহাজটির নকশা অনুমোদনের আবেদন গ্রহণ করেছে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।