রেলস্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ ॥ অল্পের জন্য রক্ষা পেলেন কর্মীরা

Three petrol bombs thrown at railway station
অনলাইন ডেস্ক ১৬ নভেম্বর ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৬ নভেম্বর ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন
রেলস্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ ॥ অল্পের জন্য রক্ষা পেলেন কর্মীরা
--সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে স্টেশনের কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৩টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা স্টেশনের অফিস কক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে অফিসের ভেতরে থাকা কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

স্টেশন মাস্টার আরও জানান, ঘটনার সময় অফিস কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফলে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে গেছে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।