সেই ইতি পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব
সন্তান না হওয়ার অজুহাতে বরিশালের হিজলায় সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে হয়েছে ইতি আক্তারকে। স্বামীর সংসার টিকিয়ে রাখতে অনেক আকুতি জানিয়েও শেষ রক্ষা হয়নি তাঁর। তবে বিচ্ছেদের পর ভেঙে না পড়ে নতুন করে বিয়ের বদলে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন এই তরুণী।
হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের বাসিন্দা ইতি আক্তার সাত বছর আগে অনেক স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলেন। কিন্তু সন্তান না হওয়াকে কেন্দ্র করে ধীরে ধীরে তাঁর দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে।
ইতি আক্তারের অভিযোগ, সন্তান না হওয়ায় দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে তাঁকে মানসিক চাপ ও অপমান সহ্য করতে হয়েছে। পরিস্থিতি একপর্যায়ে এতটাই জটিল হয়ে ওঠে যে প্রায় আড়াই মাস তিনি একা থাকতে বাধ্য হন। সংসার বাঁচাতে স্বামীর কাছে শেষবারের মতো ছয় মাস সময় চেয়েছিলেন এবং পা ধরে কেঁদে অনুরোধও করেছিলেন। কিন্তু তাতেও মন গলেনি স্বামী রনি খানের; শেষ পর্যন্ত তাঁকে ঘর থেকে বের করে দেওয়া হয়।
রোববার (১৫ নভেম্বর) সকালে নিজের জীবনের এসব তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন ইতি।
মেয়ের সংসার টিকিয়ে রাখতে নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলেন বাবা রিকিব আলী সরদার। জমি বন্ধক রেখে, কৃষিঋণ নিয়ে এবং গাছপালা বিক্রি করেও জামাইয়ের সংসারে সহযোগিতা করেছেন তিনি। মা-হারা মেয়ের মুখে হাসি ফোটাতে নিজের কষ্টকে কখনো বড় করে দেখেননি এই বাবা। তবে শেষ পর্যন্ত সংসার ভেঙে যাওয়ায় এখন তাঁর একটাই চাওয়া মেয়ে যেন সম্মানের সঙ্গে নিজের পায়ে দাঁড়াতে পারে।
ইতি আক্তার জানান, বিচ্ছেদের খবর জানাজানি হওয়ার পর ভাইয়ের মাধ্যমে ও ফোনে দেশ-বিদেশ থেকে তাঁর কাছে তিন শতাধিক বিয়ের প্রস্তাব এসেছে। তবে আপাতত বিয়ে নিয়ে কোনো চিন্তা করছেন না তিনি।
ইতির ভাষ্য, অতীতের মানসিক ধাক্কা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তাঁর কিছুটা সময় প্রয়োজন। ভবিষ্যতে কখনো বিয়ের সিদ্ধান্ত নিলে এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান, যিনি সন্তান না হওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নেবেন এবং এ নিয়ে তাঁকে কোনো মানসিক চাপ দেবেন না।
বর্তমানে একটি চাকরি বা কর্মসংস্থানের সুযোগকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ইতি। কাজের মাধ্যমে স্বাবলম্বী হয়ে নতুন করে জীবন গুছিয়ে নিতে সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি।
মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাবা রিকিব আলী সরদার জানান, সন্তান না হওয়ার অজুহাতে তাঁর মেয়েকে সংসারছাড়া হতে হয়েছে। সরকারের কাছে তাঁর আবেদন, মেয়ের জন্য একটি ছোটখাটো কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে সে আত্মসম্মান নিয়ে বাঁচতে পারে।
ইতির এমন পরিস্থিতিতে ব্যথিত তাঁর সহপাঠীরাও। ছোটবেলার সহপাঠী সোহাগ বলেন, “ইতির সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। সন্তান না হওয়ার দায় কোনোভাবেই একা একজন নারীর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এ অবস্থায় মানসিকভাবে তাঁর পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।”
একসময় যে সংসার বাঁচাতে স্বামীর পা ধরে কেঁদেছিলেন ইতি, আজ শত শত বিয়ের প্রস্তাব পেলেও নতুন সংসারের চেয়ে আত্মনির্ভরশীলতাকেই বেছে নিতে চান তিনি। কর্মসংস্থানের সুযোগ পেলে নতুন করে ঘুরে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা তাঁর।