রাজশাহীতে নির্মাণাধীন স্কুল ভবনের ছাদ ধস: মান ও তদারকি নিয়ে প্রশ্ন

Roof of school building under construction collapses in Rajshahi
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ১৬ নভেম্বর ২০২৬ ০৬:৪২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ১৬ নভেম্বর ২০২৬ ০৬:৪২ অপরাহ্ন
রাজশাহীতে নির্মাণাধীন স্কুল ভবনের ছাদ ধস: মান ও তদারকি নিয়ে প্রশ্ন
নগরীতে হলিক্রস স্কুলের একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত নিরাপত্তা ও নির্মাণমান নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

​রাজশাহী নগরীতে হলিক্রস স্কুলের একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত নিরাপত্তা ও নির্মাণমান নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকির ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা।

​সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলটির নির্মাণাধীন ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলার সময় ধসে পড়ার ঘটনা ঘটে। বড় ধরনের কোনো প্রাণহানি না ঘটলেও শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সংবেদনশীল স্থাপনায় এমন দুর্ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

​স্থানীয়দের অভিযোগ, ভবনটির নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়ে থাকতে পারে। এ ছাড়া ভবনটি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা মেনে তৈরি হচ্ছে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। নির্মাণকাজে নিয়োজিত প্রকৌশলীদের তদারকি কতটা কার্যকর ছিল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

​নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, নামী প্রতিষ্ঠানের চাকচিক্য দেখে সন্তানদের ভর্তি করা হলেও ভবনের কাঠামোগত নিরাপত্তা ও জরুরি নির্গমন ব্যবস্থার বিষয়টি অনেক সময় আড়ালে থেকে যায়। নির্মাণাধীন অবস্থাতেই ছাদ ধসে পড়লে ভবিষ্যতে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিরাপত্তা কতটা নিশ্চিত হবে, তা নিয়ে তারা শঙ্কিত।

​নগর পরিকল্পনাবিদ ও প্রকৌশলীদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণে সর্বোচ্চ সতর্কতা ও গুণগত মান বজায় রাখা বাধ্যতামূলক। শুধু নকশা অনুমোদন দিয়েই তদারকি সংস্থাগুলোর দায়িত্ব শেষ হয়ে যায় না; নির্মাণকাজ চলাকালে নিয়মিত মাঠপর্যায়ে পরিদর্শন জরুরি।

​এ বিষয়ে জানতে স্কুল কর্তৃপক্ষ এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি'।