সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

Tarique Rahman
অনলাইন ডেস্ক ২১ নভেম্বর ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ২১ নভেম্বর ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন
সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা।--সংগৃহীত ছবি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন– সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনী সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। ঐতিহাসিক এই দিনটির স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।