৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪, রেকর্ডবুক তছনছ করলেন সূর্যবংশী

cricket
অনলাইন ডেস্ক ২৪ নভেম্বর ২০২৬ ০৬:২৪ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ২৪ নভেম্বর ২০২৬ ০৬:২৪ অপরাহ্ন
৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪, রেকর্ডবুক তছনছ করলেন সূর্যবংশী
--সংগৃহীত ছবি

বৈভব সূর্যবংশীর দিনে কী ঘটতে পারে তা বোধহয় ক্রিকেটবিশ্ব আগেই টের পেয়েছিল। খেলা কোন ফরম্যাটে সেটাও ‘থোড়াই কেয়ার’ করেন ১৫ বছর বয়সী ভারতীয় এই প্রতিভা। ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং সর্বশেষ ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে তিনি রীতিমতো রেকর্ডবুক তছনছ করে দিয়েছেন।

এশিয়া কাপ রাইজিং স্টারসে সূর্যবংশী নেমেছিলেন ভারতীয় ‘এ’ দলের হয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল। ৫০ ওভারের ম্যাচে তাদের দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়ায় ভারত স্রেফ ১৪.২ ওভারেই গন্তব্যে পৌঁছে গেছে। আরব আমিরাতের বোলারদের ওপর এত বড় তাণ্ডব কে চালিয়েছে সেটি নিশ্চয়ই বলার আর অপেক্ষা রাখে না!

লিস্ট এ ক্যাটাগরির ক্রিকেটে এতদিন সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি, দেড়শ কিংবা ডাবল সেঞ্চুরির যে রেকর্ড ছিল সবকটিই ভেঙে দিয়েছেন বৈভব সূর্যবংশী। ২০২৩ সালে এই সংস্করণের ক্রিকেট জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিটি করেছিলেন ২৯ বলে। তারও ৮ বছর আগে আন্তর্জাতিক ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেন। আজ (মঙ্গলবার) তাদের ছাড়িয়ে সূর্যবংশী ম্যাজিক ফিগার পূর্ণ করতে খেলেছেন স্রেফ ২৮ বল। পেশাদার ক্রিকেটে ভারতীয় এই ব্যাটারের অবশ্য এর আগেও ৩২, ৩৫ ও ৩৬ বলে সেঞ্চুরির রেকর্ড ছিল। 

ম্যাচটিতে সূর্যবংশী দেড়শ রানের ঘরে পৌঁছান ৪০তম বলে। লিস্ট এ শ্রেণির ক্রিকেটে এর আগে দ্রুততম দেড়শ রানের রেকর্ডটিও অবশ্য তার দখলে ছিল। তিনি গত বছর ভারতের ঘরোয়া প্রতিযোগিতায় দেড়শ করতে খেলেন ৫৯ বল। এরপর ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে সূর্যবংশীর ৫২ বল লেগেছে। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি– এর আগে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরিটি হয়েছিল ১০৩ বলে, নিউজিল্যান্ডের চ্যাড বোয়েস দুই বছর আগে ওই রেকর্ড গড়েন।

এ ছাড়া পেশাদার ক্রিকেটের এক ইনিংসে ব্যক্তিগত ছক্কার রেকর্ডেও সবাইকে ছাড়িয়ে গেছেন বাঁ-হাতি এই ওপেনার। ডাবল সেঞ্চুরির করতে সূর্যবংশী হাঁকিয়েছেন ২৮টি ছক্কা। এর আগে সর্বোচ্চ ২৬ ছক্কার ব্যক্তিগত ইনিংস দেখেছিল ক্রিকেটবিশ্ব। ভারতের রঞ্জি ট্রফিতে তন্ময় আগারওয়াল ওই কীর্তি গড়েন। আর ৫০ ওভারের ম্যাচে সর্বোচ্চ ২৩টি ছক্কা মেরেছিলেন অস্ট্রেলিয়ার ডি’আরচি শর্ট। সবাইকে ছাড়িয়ে বৈভব হাঁকালেন ২৮টি ছক্কা।