বদলগাছীতে সড়ক নির্মাণ শুরু, বদলাবে ১০ গ্রামের যোগাযোগব্যবস্থা

Road construction begins in Badalgachhi
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ২৪ নভেম্বর ২০২৬ ০৬:০৩ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ২৪ নভেম্বর ২০২৬ ০৬:০৩ অপরাহ্ন
বদলগাছীতে সড়ক নির্মাণ শুরু, বদলাবে ১০ গ্রামের যোগাযোগব্যবস্থা
নির্মাণকাজ শেষ হলে উপকৃত হবেন ২৫ হাজার মানুষ, সহজ হবে পাহাড়পুর-আক্কেলপুরের যোগাযোগ

একটি সড়ক শুধু চলাচলের পথ নয়, এটি মানুষের জীবনযাত্রা, অর্থনীতি ও সম্ভাবনার সঙ্গে জড়িয়ে থাকে। দীর্ঘদিনের প্রত্যাশিত এমনই একটি গ্রামীণ সড়কের নির্মাণকাজ শুরু হয়েছে নওগাঁর বদলগাছীতে। সড়কটি নির্মিত হলে বদলে যেতে পারে ১০ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষের যাতায়াতের চিত্র। কমবে চলাচলের ভোগান্তি, সহজ হবে কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ।

উপজেলার মিঠাপুর সড়কের সঙ্গে সংযুক্ত হয়ে ‘মিঠাপুর-দইভান্ডার-তাজপুর ফুলমিয়ার বাড়ি’ পর্যন্ত সড়কটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে সড়কটির ৬০০ থেকে ৮৫০ মিটার অংশের নির্মাণকাজ করা হচ্ছে। এ অংশের কাজ শেষ হলে ১ হাজার ৩৫০ মিটার দীর্ঘ পুরো সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হবে।

সড়কটির গুরুত্ব তুলে ধরে বদলগাছী উপজেলা প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, সড়কটির নির্মাণকাজ শেষ হলে ঐতিহাসিক পাহাড়পুর ও জয়পুরহাটের আক্কেলপুরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এতে আশপাশের ১০টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষের যাতায়াত সহজ হবে। বিশেষ করে কৃষিপ্রধান এ অঞ্চলের কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসল ও কৃষিপণ্য সহজে বাজারে নিতে পারবেন। ফলে সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

এলাকাবাসীর কাছে সড়কটি কেবল ইট-পাথর কিংবা মাটি-বালুর নির্মাণকাজ নয়; এটি দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি কমানো এবং যোগাযোগের নতুন সম্ভাবনার প্রতিশ্রুতি। এখন তাঁদের প্রত্যাশা, নির্ধারিত সময়ে মানসম্মত কাজ শেষ হবে, আর সেই সঙ্গে বাস্তব রূপ পাবে দীর্ঘদিনের স্বপ্ন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান,মিঠাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।