আব্দুলপুর-রাজশাহী ও সান্তাহার-বগুড়া রেলপথে নতুন ডুয়েলগেজ লাইন নির্মাণের উদ্যোগ

Initiative to build new dual gauge lines on Abdulpur-Rajshahi and Santahar-Bogra railways
আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি:- ২৪ নভেম্বর ২০২৬ ০৫:২১ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি:- ২৪ নভেম্বর ২০২৬ ০৫:২১ অপরাহ্ন
আব্দুলপুর-রাজশাহী ও সান্তাহার-বগুড়া রেলপথে নতুন ডুয়েলগেজ লাইন নির্মাণের উদ্যোগ
আব্দুলপুর-রাজশাহী ও সান্তাহার-বগুড়া রেলপথে নতুন ডুয়েলগেজ লাইন নির্মাণের উদ্যোগ

উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি ও ট্রেন চলাচল আরও গতিশীল করতে আব্দুলপুর-রাজশাহী এবং সান্তাহার-বগুড়া সেকশনে নতুন ডুয়েলগেজ রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি রেল অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) নিয়ে পর্যালোচনা সভা করেছে রেলপথ মন্ত্রণালয়।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভা সূত্র জানায়, পর্যালোচনায় স্থান পাওয়া প্রথম প্রকল্পটি হলো—‘আব্দুলপুর-রাজশাহী এবং আব্দুলপুর-মালঞ্চি সেকশনে বিদ্যমান ব্রডগেজ/ডুয়েলগেজ (বিজি/ডিজি) লাইনের সমান্তরালে নতুন ডুয়েলগেজ লাইন নির্মাণ’।

​অন্যদিকে দ্বিতীয় প্রকল্পের আওতায় সান্তাহার-বগুড়া সেকশনে বিদ্যমান মিটারগেজ লাইনের সমান্তরালে একটি নতুন ডুয়েলগেজ লাইন নির্মাণ করা হবে। পাশাপাশি এই প্রকল্পে বিদ্যমান মিটারগেজ লাইনটিকে ব্রডগেজে রূপান্তর এবং একটি ‘সান্তাহার বাইপাস’ নির্মাণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।


​রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আব্দুলপুর-রাজশাহী সেকশনের বিদ্যমান রেললাইনটির অবস্থা অত্যন্ত নাজুক ও করুণ হয়ে পড়েছে। সিঙ্গেল লাইন হওয়া এবং পুরনো ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে এই রুটে ট্রেনগুলোকে ক্রসিংয়ের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ ছাড়া ঝুঁকিপূর্ণ লাইনের কারণে ট্রেনগুলোকে নির্ধারিত গতির চেয়ে অনেক কম গতিতে চালাতে হচ্ছে এবং ভ্রমণের সময় যাত্রীদের অতিরিক্ত ঝাঁকুনি পোহাতে হচ্ছে। ফলে প্রতিনিয়ত শিডিউল বিপর্যয়ের পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহন চরমভাবে ব্যাহত হচ্ছে।

​এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেন, “আব্দুলপুর-রাজশাহী সেকশনের বিদ্যমান লাইনটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় বর্তমানে এর অবস্থা বেশ নাজুক। সিঙ্গেল লাইন ও জরাজীর্ণ ট্র্যাকের কারণে আমরা ট্রেনের কাঙ্ক্ষিত গতি তুলতে পারছি না এবং ক্রসিংয়ের কারণে সময়ও বেশি লাগছে। এই সেকশনে নতুন ডুয়েলগেজ লাইন নির্মাণ করা হলে ট্রেনের গতি উল্লেখযোগ্য হারে বাড়বে এবং যাতায়াতের সময় অনেক কমে আসবে। পাশাপাশি আধুনিক মানের রেললাইন হওয়ায় ট্রেন চলাচলে ঝাঁকুনি একদমই কমে যাবে, যাত্রীদের ভ্রমণ আরামদায়ক হবে এবং রেলপথের সামগ্রিক আয়ুষ্কালও বহুলাংশে বৃদ্ধি পাবে।

​রেলওয়ে সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের সাথে দেশের অন্যান্য প্রান্তের রেল যোগাযোগে নতুন মাত্রা যোগ হবে। বিশেষ করে লাইন সক্ষমতা বাড়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় কমবে এবং পণ্য ও যাত্রী পরিবহন আরও সহজতর ও নিরাপদ হবে।

​পর্যালোচনা সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।