রস ছাড়াই ‘খেজুর গুড়’, বিপাকে আসল গাছিরা
শীতের ভোর মানেই খেজুর রসের মিষ্টি আমেজ আর চুলায় জ্বাল দেওয়া গুড়ের ঘ্রাণ। অথচ রাজশাহীর বাঘা, চারঘাট ও পুঠিয়ায় এই চিরায়ত দৃশ্যে বড়সড় ছন্দপতন ঘটেছে। প্রকৃত খেজুরের রস ছাড়াই সেখানে গড়ে উঠেছে নকল গুড় তৈরির কারবার।
চিনিকলের চিটাগুড়, অপরিশোধিত চিনি, আটা, কাপড়ের রং, রাসায়নিক উপাদান ও কৃত্রিম সুগন্ধি মিশিয়ে এক রাতেই তৈরি হচ্ছে শত শত কেজি গুড়, যা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তের বাজারে। বিপরীতে, খাঁটি গুড়ের কারিগর ও গাছিরা বাড়তি খরচ ও ভেজালের অসম প্রতিযোগিতায় দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্র ও সরেজমিন তথ্যে জানা গেছে, এই তিন উপজেলায় দেড় শতাধিক গুড় তৈরির কারখানা সক্রিয় রয়েছে। প্রতিটি কারখানায় রাতভর চলে উৎপাদনের তোড়জোড়, এক রাতেই ২০০ থেকে ৩০০ কেজি পর্যন্ত গুড় তৈরি করা হয়। চারঘাট, বাঘা ও পুঠিয়ার অনেক এলাকায় বাড়ির আঙিনাতেই প্রকাশ্যে এই কাজ চলছে।
বড় কড়াইয়ে প্রথমে ভারতীয় অপরিশোধিত চিনি ও চিনিকলের চিটাগুড় জ্বাল দেওয়া হয়। পরে তাতে আটা, খেজুর গুড়ের নির্যাস, হোটেলের মিষ্টির রস, কাপড়ের রং এবং নানা ধরনের রাসায়নিক মেশানো হয়। নির্দিষ্ট প্রক্রিয়ায় জমিয়ে নেওয়ার পর তা ‘খেজুর গুড়’ নামেই বাজারে তোলা হয়—যার ভেতরে একফোঁটাও খেজুরের রস থাকে না।
শীতের শুরুতেই একদল মৌসুমি ব্যবসায়ী কারিগর ভাড়া নিয়ে এসব কারখানা চালু করেন। চারঘাটের মেরামতপুর, কাঁকড়ামারী, বাসুদেবপুর, রায়পুর ও ডাকরা; বাঘার আড়ানী, রুস্তমপুর, বাউসা ও মনিগ্রাম এবং পুঠিয়ার বানেশ্বর, জিউপাড়া, বেলপুকুর ও ঝলমলিয়ায় এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। বড় আড়তদাররা কারখানার মালিকদের অগ্রিম অর্থ দিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরি করাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
ভেজাল গুড়ের দাপটে সবচেয়ে বড় সংকটে পড়েছেন প্রান্তিক গাছিরা। বাঘার মীরগঞ্জের গাছি রফিকুল ইসলাম আক্ষেপ করে বলেন, ‘আমরা ১০ কেজি গুড় তৈরি করতেই ক্লান্ত হয়ে পড়ি, অথচ তারা প্রতিদিন ৫ থেকে ১০ মণ গুড় তৈরি করছে। প্রশাসন অভিযান চালালেও পরদিন আবার কারখানা চালু হয়। আমরা যে সামান্য গুড় তৈরি করি, তা অনলাইন বিক্রেতারা বাড়ি থেকেই নিয়ে যান। খেজুর গুড়ের সেই আসল স্বাদ ও গন্ধ এখন আর নেই,কারখানাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে।’
একইভাবে চারঘাটের রাওথা গ্রামের কৃষক শফিকুল ইসলাম জানান, ভেজাল গুড়ে কৃত্রিম ফ্লেভার ব্যবহারের কারণে সেগুলোতে তীব্র গন্ধ ছড়ায়, যা আসল গুড়ের চেয়েও বেশি মনে হয়। অথচ খাঁটি গুড় তৈরি করতে অনেক শ্রম ও সময় লাগে। প্রকৃত গাছিরা জানান, নানা কারণে গাছে আগের মতো রস মিলছে না। রসের ঘাটতি থাকায় খাঁটি গুড়ের উৎপাদন কমে গেছে; কেউ কেউ উৎপাদন বাড়াতে রসের সঙ্গে সামান্য চিনি মেশালেও ভেজাল কারবারিদের দৌরাত্ম্যে তাঁরা কোণঠাসা।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জেলায় খেজুরগাছ রয়েছে ১১ লাখ ৮ হাজার ১৮টি। এর মধ্যে পুঠিয়ায় ৫ লাখ ৮ হাজার ১৮টি, চারঘাটে ১ লাখ ৮০ হাজার ২৭৫টি এবং বাঘায় ১ লাখ ২০ হাজার ৫১২টি গাছ রয়েছে—অর্থাৎ জেলার মোট খেজুরগাছের প্রায় তিন-চতুর্থাংশই এই তিন উপজেলায়। গাছের সংখ্যা প্রতিবছর কমলেও গুড়ের সরবরাহ ও বেচাকেনা বাড়ছে অস্বাভাবিক গতিতে।
রাজশাহীর সবচেয়ে বড় খেজুর গুড়ের হাট পুঠিয়ার বানেশ্বরে প্রতিদিন ১০০ থেকে ১১০ টন গুড় ওঠে। সপ্তাহের দুই বড় হাটের দিনে এই পরিমাণ দাঁড়ায় ১২০ থেকে ১৫০ টনে। এ ছাড়া চারঘাটের বাঁকড়া ও নন্দনগাছী, বাঘার বিনোদপুর, মনিগ্রাম ও আড়ানী এবং পুঠিয়ার ঝলমলিয়া হাটেও বিপুল পরিমাণ গুড় কেনাবেচা হয়।
ভেজালবিরোধী অভিযান চললেও তা টেকসই হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ। গত ১৩ নভেম্বর বাঘার রুস্তমপুর ও ১৫ নভেম্বর পীরগাছা গ্রামে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট দুই লাখ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। এর আগে চারঘাটের মেরামতপুরে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়। কিন্তু স্থানীয়দের দাবি, জরিমানা বা অভিযানের পরদিনই আবার শুরু হয় পুরোনো তৎপরতা।
জনস্বাস্থ্যের জন্য এই ভেজাল গুড় বড় হুমকি বলে সতর্ক করেছেন চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা। তাঁর মতে, অনুমোদনহীন উপাদান ও রাসায়নিক মেশানো গুড় খেলে আলসার, ডায়রিয়া ও কলেরাসহ পেটের নানা জটিল রোগ হতে পারে। বিশেষ করে শিশুদের খাবারে এসব গুড় গেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।
চারঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ভেজাল গুড়ের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হয়েছে এবং স্থানীয় সংসদ সদস্যও বিষয়টি নজরে রাখার নির্দেশ দিয়েছেন।
এদিকে রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান জানান, গাছিরা ইতোমধ্যে খেজুরগাছ পরিচর্যার কাজ শুরু করেছেন। শীত যত বাড়বে, রসের মিষ্টতাও তত বাড়বে। বর্তমানে রস তেমন মিষ্টি নয়; সাধারণত ডিসেম্বরের শুরু থেকে বাজারে খাঁটি খেজুরের গুড় পাওয়া যাবে। উৎপাদন ও বিপণন বাড়াতে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে।