রাজশাহীতে অস্ত্র নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
রাজশাহীতে এক যুবককে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা দাবি করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, রাতভর দুই পক্ষের মধ্যে দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন ও যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নাতসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, সংঘর্ষের ঘটনাটি লিমন ও মান্নাত গ্রুপের মধ্যে ঘটেছে।
সাফায়েত হোসেন মান্নাত বলেন, “নগরীর টিবি পুকুর এলাকায় আমার চাচাতো ভাই ফুডকার্টে বসে নাশতা করছিল। এ সময় ২০-৩০ জন এসে ভাইয়ের পাশে থাকা এক ছেলেকে ছাত্রলীগ কর্মী দাবি করে ধরে। সে সময় আমার চাচাতো ভাইকেও মারধর করা হয় এবং তাকেও পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়।”
তিনি আরও বলেন, “খবর পেয়ে আমি সেখানে গেলে তারা চলে যায়। পরে ভাইকে নিয়ে জাদুঘর মোড়ে এসে চা খাচ্ছিলাম। এ সময় লিমনের নেতৃত্বে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমার শরীরের বেশ কিছু জায়গায় আঘাত লেগেছে। আমাদের ওপর হামলা দেখে স্থানীয়রা এগিয়ে এলে তাদের সঙ্গেও সংঘর্ষ শুরু হয়। পরে স্থানীয়রাই আমাদের উদ্ধার করে পাঠিয়ে দেন।”
অভিযোগ করে মান্নাত বলেন, “আমার পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমার চাচাতো ভাই বিএনপি থেকে প্রতিবার পোলিং এজেন্ট হয়। অথচ তারা তাকে ছাত্রলীগ দাবি করে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছে। যারা এখন ছাত্রদলের রাজনীতি করছে, আগে তাদের কখনোই দেখা যায়নি।
অন্যদিকে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন অভিযোগ করেন, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁরা জাদুঘর মোড়ে পৌঁছালে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নাত ও তাঁর চাচাতো ভাইয়ের নেতৃত্বে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
লিমনের দাবি, স্থানীয় আওয়ামী লীগের নির্দেশনায় হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর আক্রমণ করেন। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন। নিজ দলের নেতাকর্মীদের ওপর একজন ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সংঘর্ষের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা দিক্বিদিক ছোটাছুটি শুরু করেন। সংঘর্ষ চলাকালে রাস্তার ধারের দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীদের নিজস্ব ব্যক্তিগত ও অভ্যন্তরীণ ঝামেলার ভোগান্তি সাধারণ নগরবাসী কেন পোহাবে? ভাঙচুর ও লুটপাটে তাঁদের যে আর্থিক ক্ষতি হয়েছে, তা কে পূরণ করবে—এমন প্রশ্নও তোলেন তাঁরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এরপরও কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন বলেন, “রাত থেকেই দুই পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে। আমরাও স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছি।
এ বিষয়ে জানতে রাত থেকে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মোস্তারিকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। এ ছাড়া মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমানকে কল দিলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।