কেরানীগঞ্জে সেকেন্ডারি সিটির পরিকল্পনা সরকারের

Government plans secondary city in Keraniganj
অনলাইন ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ০৪:১৯ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ০৪:১৯ অপরাহ্ন
কেরানীগঞ্জে সেকেন্ডারি সিটির পরিকল্পনা সরকারের
--সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে পরিকল্পিত সেকেন্ডারি সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর কাছেই নাগরিক সুবিধাসম্পন্ন নতুন জনবসতি গড়ে তোলার মাধ্যমে ঢাকার মূল নগর এলাকার বাইরে বসবাসের বিকল্প সুযোগ তৈরি করাই এ প্রকল্পের লক্ষ্য।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক) সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন কেরানীগঞ্জের কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় প্রকল্পের স্থান চিহ্নিত করা হয়েছে। প্রকল্পটি এখন পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে।


জমির পরিমাণ, আবাসনের সংখ্যা, নির্মাণব্যয় ও বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই বলেন, প্রস্তাবিত এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে।


রাজধানীর সঙ্গে নতুন শহরের যোগাযোগব্যবস্থাকে পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশসড়ক রাখার প্রস্তাব রয়েছে।


আবাসন ও যোগাযোগব্যবস্থাকে সমন্বিতভাবে গড়ে তুলে এলাকাটিকে রাজধানীর বিকল্প বসতির উপযোগী করার লক্ষ্য রয়েছে সরকারের। সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত নির্ধারণ করা হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যাতে সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে থাকতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।


তিনি আরও বলেন, সেকেন্ডারি সিটির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে পৃথক উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হবে। এতে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই পরিবারগুলো পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ পাবে।


জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী বলেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন চাহিদা বিবেচনায় সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কেরানীগঞ্জে সেকেন্ডারি সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সব শ্রেণির মানুষের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধাসহ নিরাপদ আবাসিক এলাকা গড়ে তোলার প্রকল্প প্রস্তাব তৈরি করা হচ্ছে।


কোথায় হবে সেকেন্ডারি সিটি

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি অনুযায়ী, বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনায় কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের প্রকল্প নেওয়া হয়েছে।


প্রকল্পের স্থান ও আশপাশের পরিবেশ পরিদর্শন করে প্রতিবেদন দিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট নির্বাচন কমিটি চিঠি দেয়। কমিটির সদস্যরা চলতি বছরের ১৬ এপ্রিল সরেজমিনে প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন।


প্রস্তাবিত স্থানটি কেরানীগঞ্জের কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি এবং দক্ষিণ ও উত্তর বাহেরচর এলাকায় অবস্থিত। বসিলা সেতু থেকে প্রকল্প এলাকা প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে এবং কলাতিয়া বাজার থেকে দেড় কিলোমিটার উত্তর-পূর্বে।


নথিতে বলা হয়েছে, প্রস্তাবিত এলাকার মাত্র ৫ থেকে ৮ শতাংশ জায়গায় বসতবাড়ি রয়েছে। বাকি অংশের বেশির ভাগ এক ফসলি জমি হিসেবে ব্যবহৃত হয়। এসব ফসলি জমিতে বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের বিলবোর্ডও দেখা গেছে।


প্রকল্পের পশ্চিম ও দক্ষিণ পাশ দিয়ে ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের প্রস্তাবিত সড়ক যাওয়ার কথা রয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন এ সড়ক বাস্তবায়িত হলে সাভারের আমিনবাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়ক, ঢাকা-মাওয়া মহাসড়ক ও মোহাম্মদপুরের সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নতি হবে।


প্রকল্প এলাকার প্রায় আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা নদী এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হয়েছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে মিল রেখে সেকেন্ডারি সিটির জন্য দুটি প্রধান প্রবেশসড়ক নির্মাণের সুপারিশ করা হয়েছে। প্রকল্পের সব নাগরিক সুবিধা নিশ্চিত করতে কমপক্ষে তিন হাজার একর জমি প্রয়োজন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।


জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মতে, রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে মোহাম্মদপুরের কাছাকাছি এ স্থানটি সেকেন্ডারি সিটির জন্য উপযোগী। এতে ওই অঞ্চলে অপরিকল্পিত নগরায়ণ ও ঝুঁকিপূর্ণ বেসরকারি আবাসন বিনিয়োগের পরিবর্তে সরকারি আবাসন প্রকল্পে মানুষের বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

চলমান আবাসন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা


জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জানিয়েছে, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সংস্থাটির ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। এর মধ্যে দুটি প্রকল্প সরকারি অর্থায়নে এবং ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নতুন আরও নয়টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জের পাশাপাশি ধামরাইয়েও সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।


এ ছাড়া দেশের আট বিভাগের ৩৮টি জেলা ও আটটি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।


জেলা ও উপজেলা পর্যায়েও পরিকল্পিত আবাসন সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। জমির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের সুবিধার্থে ল্যান্ড ব্যাংক গড়ে তোলার লক্ষ্যে জমিসংক্রান্ত তথ্য ও গেজেট সংগ্রহের কাজ চলছে।


আবাসন প্রকল্পে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল ভবনের পাশাপাশি ভূমিকম্পসহনশীল স্থাপনা, পরিকল্পিত পানি নিষ্কাশনব্যবস্থা, জলাধার, সবুজ পার্ক ও উন্মুক্ত স্থান রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। খেলার মাঠ, সবুজ চত্বর, কমিউনিটি স্পেস ও সুপেয় পানির ব্যবস্থাও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। মানুষের সামর্থ্যের মধ্যে নিরাপদ, স্বাস্থ্যকর ও নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তোলাই এসব উদ্যোগের লক্ষ্য।


তথ্যসূত্র: বাসস