মাত্র ২ কোটি সিনেমা, আয় করলো ৪৫২ কোটি
চলতি বছরে বলিউডের অন্যতম বড় চমক হয়ে ওঠে স্বল্প বাজেটের সিনেমা ‘হনুমান অংশ’। নিম করোলি বাবার জীবনী অবলম্বনে নির্মিত এই ভারতীয় সিনেমাটি মাত্র ২ কোটি রুপি বাজেটে তৈরি। অথচ বিশ্বব্যাপী এর আয় দাঁড়িয়েছে ৪৫২ কোটি ৮৬ লাখ রুপি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির এই অভাবনীয় সাফল্যের পেছনে পরিচালক-প্রযোজক ড. বিশাল চতুর্বেদীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিন নারী; তারা হলেন অনুপ্রিয়া নাগর, রাগিনি সোনা ও নম্রতা জি সিং।
চলচ্চিত্রটির সবচেয়ে কম বয়সী প্রযোজক ২১ বছর বয়সী অনুপ্রিয়া নাগর। সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের সময় অর্থের প্রয়োজন দেখা দিলে তিনি যুক্ত হন এবং মোট বিনিয়োগের এক-তৃতীয়াংশ দেন। শুধু অর্থায়নেই সীমাবদ্ধ থাকেননি অনুপ্রিয়া। সিনেমাটির প্রচারে ১০০টির বেশি পডকাস্ট পরিচালনাকারী ও কনটেন্ট নির্মাতার সঙ্গে ইমেইলে যোগাযোগ করেন। সিনেমাটির প্রতি আধ্যাত্মিক ভালো লাগা থেকেই তিনি এ উদ্যোগ নেন।
অন্যদিকে, সিনেমাটির বক্স অফিস সাফল্যের পর আলোচনায় আসেন রাগিনি সোনা। তিনি শুরু থেকেই মনে করতেন, ‘হনুমান অংশ’ শুধু একটি সিনেমার সাফল্য নয়, বরং পরিকল্পিত ফ্র্যাঞ্চাইজির শুরু। নিম করোলি বাবার জীবন অবলম্বনে নির্মিত এই সিনেমার গল্পে একাধিক পর্বে তুলে ধরার মতো উপাদান রয়েছে বলেও মনে করেন তিনি।
এছাড়াও সিনেমাটির জনসংযোগ, বিপণন, পুরস্কারবিষয়ক প্রচার এবং কৌশলগত অংশীদারত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নম্রতা জি সিং। প্রকল্পটির অনুমোদিত নির্বাহী হিসেবে পরিচালক-প্রযোজক ড. বিশাল চতুর্বেদীর সঙ্গে এসব কার্যক্রম দেখভাল করেছেন তিনি। সিনেমাটির স্বত্ব, প্রচার ও প্রতিনিধিত্ব নিয়ে নির্মাতাদের প্রকাশ্য বিবৃতি দেওয়ার পরও এর পরবর্তী কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন নম্রতা। সিনেমাটি নিয়ে গণমাধ্যমের আগ্রহ এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোর আগ্রহ বাড়ার পর এর পরবর্তী পর্যায়ের দায়িত্বও পান তিনি।
সিনেমাটির এই সাফল্যে তিনজনের অবদান ছিল ভিন্ন ভিন্ন ক্ষেত্রে। অনুপ্রিয়া প্রচারে পরিচিতি বাড়ানো, রাগিনি ফ্র্যাঞ্চাইজি গড়ে তোলার পক্ষে কাজ করা এবং নম্রতা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ব্যবসায়িক উন্নয়নে ভূমিকা রাখেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্বল্প বাজেটের একটি ভক্তিমূলক সিনেমা ২০২৬ সালের অন্যতম বড় চমক হয়ে উঠেছে।
সব মিলিয়ে ‘হনুমান অংশ’-এর এ সাফল্য প্রমাণ করেছে, বড় বাজেট কিংবা প্রথম দিনের আয়ই সিনেমার শেষ কথা নয়।