মহেশখালীর পাহাড়ী এলাকায় অস্ত্র তৈরীর কারখানা॥ অস্ত্র ও বিপুল সরঞ্জাম সহ গ্রেফতার ৩
কক্সবাজারের মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পূর্ব পুইছড়া খঞ্জনীর বাপেরঘোনা পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরীর কারখানার সন্ধান এবং কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরী ও অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫। এঘটনায় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদি।
বিজয় বাংলা নিউজ র্যাব জানিয়েছে, ১৬ মার্চ ভোরে র্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা তথ্য সহ স্থানীয়ভাবে প্রাপ্ত গোপন সংবাদে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল হোয়ানক ইউনিয়নের পূর্ব পুইছড়াস্থ খঞ্জনির বাপের ঘোনা পাহাড়ি ঢাল এলাকায় অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরী সরঞ্জামাদি উদ্ধার অভিযান পরিচালনা করে। সেখানে অভিযান পরিচালনার সময় একটি অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায়। র্যাবের অভিযানের বিষয়টি বুঝতে পেরে অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা দূর্গম পাহাড়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। এ সময় পলায়নকালে ধাওয়া করে অবৈধ অস্ত্র তৈরী, কেনা-বেচার সাথে জড়িত চক্রের তিনজনকে র্যাবের আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয় এবং অভিযান পরিচালনাকালে উক্ত অস্ত্র তৈরীর কারখানার অন্যতম কারিগর বাদশা মিয়া কৌশলে দূর্গম পাহাড়ী এলাকায় পালিয়ে যায়। অস্ত্রের কারখানা হতে দুটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান এবং অস্ত্র তৈরীর সরঞ্জামাদির মধ্যে উল্লেখযোগ্য লোহার তৈরী ড্রিল মেশিন, হাতুড়ী, করাত, চারটি লোহার পাইপ, দুটি লোহার ব্যারেল, হেক্সো ব্লেড, দুটি লোহা কাটার ব্লেড, ষাটটি ওয়াশার, দুটি পাঞ্চিং রড, দুটি বড় নাট, রেঞ্চ, স্টীল সীড, তিনটি লোহার অংশ ও লোহার ব্রাশসহ অস্ত্র তৈরীর আনুষাঙ্গিক ছোট-বড় ৫০টি অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ফরিদুল আলম (৫৪), পিতা- মৃত ফকির মোহাম্মদ, অফিসপাড়া, পাহাড়তলী, ৭নং ওয়ার্ড, কালারমারছড়া, মহেশখালী, বর্তমান ঠিকানা-সোনা মিয়ার বাড়ি, ৩নং ওয়ার্ড, বরইতলী ইউনিয়ন, চকরিয়া, কক্সবাজার, জিসাদ @ সোনা মিয়া (২২), পিতা-ফরিদুল আলম, অফিসপাড়া, পাহাড়তলী, ৭নং ওয়ার্ড, কালারমারছড়া, মহেশখালী, বর্তমান ঠিকানা-ওই ও বাহিম (২০), পিতা-ফরিদুল আলম, অফিসপাড়া, পাহাড়তলী, ৭নং ওয়ার্ড, কালারমারছড়া, মহেশখালী, বর্তমান ঠিকানা-ওই।