সফলভাবে মানব শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন

Successfully transplanted pig kidney into human body
অনলাইন ডেস্ক ২২ মার্চ ২০২৪ ০৬:৪১ পূর্বাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ২২ মার্চ ২০২৪ ০৬:৪১ পূর্বাহ্ন
সফলভাবে মানব শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন
বিশ্বে প্রথমবারের মতো শূকরের কিডনির জিনগত পরিবর্তন করে মানুষের শরীরে সফলভাবে বসিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসক।....সংগৃহীত ছবি

বিশ্বে প্রথমবারের মতো শূকরের কিডনির জিনগত পরিবর্তন করে মানুষের শরীরে সফলভাবে বসিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসক। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ওই রোগীর শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার (১৬ মার্চ) ৬২ বছর বয়সী এক রোগীর দেহে চার ঘণ্টা ধরে এই কিডনি লাগানো হয়। শূকরের কিডনি মানুষের দেহে স্থাপন করার আগে তার জিনগত পরিবর্তন করা হয়েছিল। শূকরের ক্ষতিকর জিন সরিয়ে দেয়া হয়েছিল এবং মানুষের জিন যোগ করা হয়েছিল।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, রিচার্ড স্লেম্যানের দেহে শূকরের কিডনি বসানো হয়েছে। আর দিন কয়েকের মধ্যেই তাকে হাসপাতাল ছেড়ে দেয়া হবে।

হাসপাতালের দাবি, অর্গান ট্রান্সপ্লানটেশন বা অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এটা একটা নতুন দিগন্ত খুলে দিল। একটি প্রাণির অঙ্গ অন্য প্রজাতির প্রাণির দেহে প্রতিস্থাপনের নাম হলো জিনোট্রান্সপ্লানটেশন।

স্লেম্যান জানিয়েছেন, তিনি জেনেশুনেই এই শূকরের কিডনি তার দেহে স্থাপনের অনুমতি দিয়েছিলেন। কারণ, এর ফলে তার বাঁচার সুযোগ বেড়ে গেল, আর হাজার হাজার মানুষ, যাদের অঙ্গ প্রতিস্থাপন জরুরি, তারাও এর ফলে উপকৃত হবেন।

বোস্টনের এই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের হাসপাতালে ১ হাজার ৪০০ জন রোগী কিডনি প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছেন।

হাসপাতালের তরফ থেকে আরও বলা হয়, যে শূকরের দেহ থেকে কিডনি নেয়া হয়েছে, তাকে আলাদা করে বড় করা হয়েছিল, যাতে তাদের মধ্যে কোনো ধরনের ইনফেকশন না লাগে। এই শূকরের কিডনির সাইজ মানুষের কিডনির মতেই ছিল।

 জাতিসংঘের অর্গান শেয়ারিং নেটওয়ার্কের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে এক লাখ মানুষ অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা হলো কিডনি প্রতিস্থাপনের। প্রতিবছর হাজার হাজার মানুষ কিডনি প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করেন।

সূত্র: সিএনএন